আজকাল ওয়েবডেস্ক: নীতীশ কুমার রেড্ডিকে স্কোয়াডে নেওয়ার পরে তিরাশির বিশ্বজয়ী দলের সদস্য কৃষ্ণমাচারি শ্রীকান্ত সমালোচনা করেছিলেন। বলেছিলেন, ওকে কেন দলে নেওয়া হল? বেধড়ক মার খাবে। 

সেই নীতীশ রেড্ডিকে ছাড়াই ভদোদরায় খেলতে নেমেছে ভারত। নীতীশ রেড্ডিকে না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন দেশের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। টসের পরেই তিনি বলেছেন, ''যদি ওকে নাই খেলাও, তাহলে অলরাউন্ডার হিসেবে ওকে গড়ে তোলার কোনও প্রয়োজনই নেই। ওকে নেওয়া হচ্ছে, দলের সঙ্গে ঘুরছে ফিরছে কিন্তু প্রথম একাদশে ডাক পাচ্ছে না। ওকে না নেওয়ার নিশ্চয় কিছু কারণ রয়েছে।'' 

এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দল ঘোষণার পরই দেশের প্রাক্তন ওপেনার শ্রীকান্ত বলেছিলেন, ''নীতীশ কুমার রেড্ডি অলরাউন্ডার হিসেবে কী এমন করেছে? ওকে মোটেও বল করতে দেওয়া হবে না। বল দিলে ওকে সবাই মারবে। এই সিদ্ধান্তের পিছনে লজিক কী, তা আমার জানা নেই। হার্দিক পাণ্ডিয়ার পরিবর্ত কীভাবে হতে পারে নীতীশ রেড্ডি? প্রথম একাদশে হার্দিক পাণ্ডিয়া কেবল বোলার বা ব্যাটার বা ফিল্ডার হিসেবে খেলতে পারে।'' 

শ্রীকান্ত আরও বলেন, ''নীতীশ কুমার কি একজন বোলার হিসেবে দলে ঢুকতে পারে? নাগাড়ে তিন বা চার ওভার কি নীতীশকে দেওয়া যায়?'' 

ভারতের প্রাক্তন ওপেনারের মতে, জাতীয় দলে নীতীশের জায়গা নেই। হার্দিকের বিকল্প হিসেবে তো নয়ই। 

উল্লেখ্য, নীতীশ কুমার রেড্ডি দেশের জার্সিতে ১০টি টেস্ট ম্যাচ খেলেছেন। ৩৯৬ রানের পাশাপাশি ৮ উইকেট নিয়েছেন। দুটো ওয়ানডে খেলে ২৭ রান করেন রেড্ডি। হাত ঘুরিয়ে কোনও উইকেট পাননি। চারটি টি-টোয়েন্টিতে নীতীশ রেড্ডি ৯০ রানের বিনিময়ে তিন-তিনটি উইকেট নেন। 

নীতীশ রেড্ডির সমালোচনা করেছিলেন শ্রীকান্ত। জাতীয় দলের প্রথম একাদশে নীতীশ রেড্ডিকে না নেওয়ার প্রেক্ষিতে মুখ খুললেন পাঠান।