আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে এবার হলুদ জার্সিতে দেখা যাবে সঞ্জু স্যামসনকে। রাজস্থান রয়্যালস থেকে চেন্নাই সুপার কিংসে যোগ দেন কেরলের উইকেটকিপার ব্যাটার। চেন্নাইয়ের এই সিদ্ধান্তকে বাহবা জানান অনিল কুম্বলে। দাবি করেন, দলের প্রয়োজনে কাজে লাগবে সঞ্জুকে। প্রায় এক দশকেরও বেশি সময় রাজস্থান রয়্যালসের মুখ ছিলেন স্যামসন। ১১ বছর তাঁদের হয়ে খেলেন।কিন্তু এবার তাঁর পরিবর্তে স্যাম করন এবং রবীন্দ্র জাদেজাকে নেয় রাজস্থান। জিওস্টারে এক সাক্ষাৎকারে কুম্বলে জানান, ভারতীয় ক্রিকেটের ঐতিহ্য বহন করেছেন সুনীল গাভাসকর, শচীন তেন্ডুলকর, বিরাট কোহলি, এমএস ধোনির মতো ক্রিকেটাররা। 

সঞ্জুর বিশ্বকাপের অবদানের কথা তুলে ধরেন। একইসঙ্গে জানান, কেরলের ক্রিকেটার হওয়ায়, অনায়াসেই চেন্নাইয়ের সঙ্গে মিলেমিশে যাবেন তিনি। তামিল বলতে পারেন সঞ্জু। উইকেট কিপার ব্যাটারের ভূমিকায় ধোনির পরিবর্তে আদর্শ। কুম্বলে বলেন, 'প্রত্যেক প্রজন্মে আইকন থাকে। ভারতীয় ক্রিকেটে ব্যাটন সবসময় সঠিক হাতে গিয়েছে। সুনীল গাভাসকর থেকে শচীন তেন্ডুলকর, তারপর বিরাট কোহলি। এমএস ধোনিও তাঁর অঙ্গ। বিরাট, ধোনির আগে ছিল রাহুল দ্রাবিড় এবং সৌরভ গাঙ্গুলি। এরা এখনও একইভাবে চালিয়ে যাচ্ছে। এই জায়গায় সঞ্জুর চেন্নাইয়ে যোগ দেওয়া তাৎপর্যপূর্ণ। ইতিবাচক দিক হল, সঞ্জু দুর্দান্ত ফর্মে রয়েছে। একই ছন্দ নিয়ে আইপিএলে প্রবেশ করবে। দুর্দান্ত তিন ইনিংসে ভারতকে বিশ্বচ্যাম্পিয়ন করেন। আমার বিশ্বাস, এর ফলে ফ্র্যাঞ্চাইজির ফ্যান বাড়বে। কেরলে জন্মগ্রহণ। তামিল ভাষা জানে। উইকেট কিপার ব্যাটার। তাই এমএস ধোনির সঙ্গে মিল আছে। ওর অভিজ্ঞতা চেন্নাইকে সাহায্য করবে।' 

কুম্বলে মনে করেন, চেন্নাই সুপার কিংসের সহ অধিনায়ক হওয়ার যোগ্য সঞ্জু। কারণ রাজস্থান রয়্যালসকে দীর্ঘদিন নেতৃত্ব দেন তারকা ক্রিকেটার। কুম্বলে বলেন, 'আমার মনে হয় এটাই সঞ্জুর আদর্শ ভূমিকা। সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করা। দীর্ঘদিন ধরে রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দিয়েছে। স্বাভাবিকভাবে সেটা ওর এসে যায়। এটাই সিএসকে কাজে লাগাতে চাইবে। ঋতুরাজ গায়কোয়াড় চোট পাওয়ার পর ধোনিকে দায়িত্ব নিতে হয়। জাদেজার সময়ও একই হয়েছিল। সুতরাং, চেন্নাইয়ের পরবর্তী অধিনায়ক বেছে নেওয়া নিয়ে সমস্যা রয়েছে। সঞ্জু আসায় বিকল্প বেড়েছে। ধোনি ওর জন্য কিপিং ছেড়ে দিলে অবাক হওয়ার কিছু থাকবে না। আমার মনে হয়, ঋতুরাজ চোটের জন্য কোনও ম্যাচে না খেললে, সঞ্জুকে অধিনায়ক করা উচিত।' নিলামে চেন্নাইয়ের এই পদক্ষেপের প্রশংসা করেন প্রাক্তনরা। ইরফান পাঠান এবং পীযূষ চাওলা মনে করছেন, সঞ্জুর অন্তর্ভুক্তিতে সিএসকের ওপেনিং সমস্যার সমাধান হবে। পাঠানের দাবি, ঋতুরাজ গায়কোয়াড়ের ওপর থেকে চাপ অনেকটাই কমবে।