আজকাল ওয়েবডেস্ক: সঞ্জু স্যামসন আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন। 

রাজস্থান রয়্যালস থেকে ট্রেড হয়ে চেন্নাই শিবিরে যোগ দেওয়ার পর থেকেই ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্স করে চলেছেন তিনি। 

১০ ম্যাচে ৪০২ রান করে বর্তমানে দলের সর্বোচ্চ রানসংগ্রাহক সঞ্জু স্যামসনই। তাঁর ইনিংসে রয়েছে দুটি শতরানও। দলের অন্যান্য ব্যাটাররা ওঠানামার মধ্যে থাকলেও সঞ্জুর ধারাবাহিকতা প্লে-অফের দৌড়ে সিএসকে-কে টিকিয়ে রেখেছে।

সঞ্জু স্যামসনের সিএসকেতে যোগ দেওয়ার পর থেকেই জল্পনা শুরু হয়েছিল, তিনি কি ভবিষ্যতে দলের অধিনায়কত্ব সামলাবেন? কারণ, বর্তমান অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের তুলনায় নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা অনেক বেশি সঞ্জুর। অতীতে তিনি রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দিয়ে ২০২২ সালে ফাইনালেও তুলেছিলেন। তবে সিএসকে ম্যানেজমেন্ট এখনও রুতুরাজের উপরই আস্থা রেখেছে।

এবার এই প্রসঙ্গে মুখ খুললেন সঞ্জু নিজেই। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এক পডকাস্টে প্রাক্তন ক্রিকেটার অভিনব মুকুন্দকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, সিএসকের অধিনায়ক হওয়ার বিষয়টি কখনও তাঁর মাথাতেই আসেনি।

সঞ্জু বলেন, ''না, অধিনায়কত্ব নিয়ে আমি ভাবিনি। আমার আগেও একটা দল ছিল, একটা জায়গা ছিল। সেখান থেকে বেরিয়ে নতুন দলে যোগ দিয়েছি। তাই সেই পরিস্থিতিতে কোনও দাবি নিয়ে যাওয়া ঠিক নয়। নতুন একটা পরিবারে গেলে দাবিদাওয়া নয়, আগে নিজেকে মানিয়ে নেওয়াটাই গুরুত্বপূর্ণ। এটাই আমি শিখেছি।''

শুধু তাই নয়, রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্ব ও ব্যক্তিত্বেরও প্রশংসা করেছেন সঞ্জু। তাঁর মতে, ভারতীয় ক্রিকেটে রুতুরাজ সবচেয়ে আত্মবিশ্বাসী। 

সঞ্জু বলেন, ''রুতুরাজ একেবারেই আলাদা ধরনের ভারতীয় ক্রিকেট সুপারস্টার। ও ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক, কিন্তু আচরণে সেটা বোঝা যায় না। বাইরে থেকে হয়তো খুব আত্মবিশ্বাসী মনে না-ও হতে পারে, কিন্তু আমার মতে ও ভারতীয় ক্রিকেটের সবচেয়ে আত্মবিশ্বাসী ক্রিকেটারদের একজন।''

তিনি আরও যোগ করেন, ''আমি অন্য একটি দলের হয়ে পাঁচ বছর অধিনায়কত্ব করেছি। তারপরও ও আমাকে নিজের দলে খেলতে আমন্ত্রণ জানিয়েছে। এটাই বলে  দেয় ও নিজের উপর কতটা আত্মবিশ্বাসী। এখন অনেকেই অনেক কথা বলে, কিন্তু কথার চেয়ে কাজ অনেক বেশি গুরুত্বপূর্ণ।''

বর্তমানে আইপিএল পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে সিএসকে। ১০ ম্যাচে পাঁচটি জয় ও পাঁচটি হার নিয়ে প্লে-অফের আশা এখনও বাঁচিয়ে রেখেছে তারা।