আজকাল ওয়েবডেস্ক: তিনি দায়িত্ব নেওয়ার পরে মোহনবাগান দারুণ সফল আইএসএলে। কিন্তু তাঁরই দল লখনউ সুপার জায়ান্টস এখনও আইপিএলে সাফল্যের রাস্তা খুঁজে পায়নি। একটি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময়ে
আরপিএসজি গ্রুপের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা বলেন, ফুটবলে সাফল্যের পথ পরিষ্কার হলেও ক্রিকেটে এখনও সেই ছক খুঁজে পাওয়া যায়নি।
তিনি জানান, ''ফুটবলে আমরা জানি কী করতে হবে, কিন্তু ক্রিকেটে আমরা এখনও পুরোপুরি সেই জায়গায় পৌঁছতে পারিনি।''
লখনউয়ের পারফরম্যান্স প্রসঙ্গে সঞ্জীব গোয়েঙ্কা বলেন, গত মরশুমে দলের বোলিং দুর্বলতা কাটিয়ে ওঠা গেলেও চলতি মরশুমে ব্যাটিং লাইনআপ প্রত্যাশামতো খেলতে পারছে না।
ফলে দলটি এখনও ছন্দ খুঁজে পেতে লড়াই করছে। গোয়েঙ্কা বলেন, ''যদি সাফল্যের সঠিক ফর্মুলা জানতাম, তাহলে অনেক আগেই তা প্রয়োগ করতাম।''
মোহনবাগান সুপার জায়ান্ট ২০২৪/২৫ মরশুমে আইএসএলে দুর্দান্ত সাফল্য পেয়েছে। তারা কাপ ও শিল্ড, দুটোই জিতে ইতিহাস গড়েছে এবং এর আগের মরশুমেও শিল্ড জিতেছিল, যদিও ফাইনালে মুম্বই সিটি এফসির কাছে ৩-১ গোলে হেরে কাপ হাতছাড়া হয়।
২০২২ সালে আইপিএলে অভিষেকের পর প্রথম দুই মরশুমে প্লে-অফে উঠেছিল লখনউ সুপার জায়ান্টস। তবে গত দুই মরশুমে তারা সপ্তম স্থানে শেষ করে। চলতি মরশুমেও ৫ ম্যাচে ২টি জয় নিয়ে লখনউ আপাতত পয়েন্ট তালিকার সপ্তম স্থানেই রয়েছে।















