আজকাল ওয়েবডেস্ক: ওপেনিং স্লট নিয়ে জল্পনা চলছিল। তা মিটিয়ে দিলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। তিনি জানিয়ে দিয়েছেন, আয়ূষ মাত্রে নন, ইনিংসের শুরুতে তাঁর সঙ্গে আসবেন সঞ্জু স্যামসন। যাঁকে এবার রাজস্থান রয়্যালস থেকে দলে নিয়েছে সিএসকে।
টি–২০ বিশ্বকাপের সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন সঞ্জু। টানা তিনটি ম্যাচে ৮০ প্লাস রান করেছেন। আইপিএলের শুরুতেই বিধ্বংসী মেজাজে শুরু করতে চাইছে চেন্নাই। তাই রানের গতি বাড়াতে ওপেনিংয়ে রুতুরাজের সঙ্গে সঞ্জুতেই ভরসা রাখছে চেন্নাই।
পাঁচবারের চ্যাম্পিয়নদের শেষ দুটো আইপিএল ভাল যায়নি। তাই এবার ভাল ফল করতে তারা মরিয়া। তার উপর এটাই সম্ভবত ধোনির শেষ আইপিএল। তাই ছাপ রেখে যেতে চায় সিএসকে। দলেও এবার বেশ কিছু বদল হয়েছে। সঞ্জুকে আনা হয়েছে। উইকেটকিপিং তিনিই করবেন। এবার জানা গেল ওপেনিংয়েও তিনিই আসবেন।
এটা ঘটনা, কিছুদিন ধরেই চেন্নাইয়ের ওপেনিং স্লট নিয়ে আলোচনা চলছিল। অনেকেই বলাবলি করছিলেন হয়ত রুতুরাজের সঙ্গে ইনিংসের শুরুতে আসবেন আয়ূষ মাত্রে। কিন্তু খোদ অধিনায়ক জানিয়ে দিলেন আসল সত্যিটা।
এদিকে, শনিবার থেকে শুরু হয়ে যাচ্ছে আইপিএল। উদ্বোধনী ম্যাচে নামছে গতবারের চ্যাম্পিয়ন আরসিবি। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। আবার রবিবার নামছে কেকেআর। ওয়াংখেড়েতে তাদের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স।
টিকিট নিয়ে উন্মাদনা চড়েছে ভালই। বিশেষ করে মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, আরসিবি বা নাইটদের ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যে ভাল উন্মাদনা রয়েছে।
এদিকে, আইপিএলের টিকিট মিলবে অফিসিয়াল সাইটের মাধ্যমে। জানা গেছে, অফিসিয়াল সাইটে টিকিট শেষ হয়ে গেলে কোনও তৃতীয় পক্ষ থেকে টিকিট মিলতে পারে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আরসিবি ও মুম্বই তাদের প্রথম হোম ম্যাচের টিকিট সাইটে ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে গেছে। আর তৃতীয় পার্টির সাইটে সেই টিকিটের দাম বহুগুণ বেশি।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘মু্ম্বই ও কেকেআর ম্যাচের সর্বনিম্ন মূল্যের টিকিট রয়েছে ৬৫০০ টাকার। যা বাড়তে বাড়তে ৫০ হাজারে চলে গিয়েছে। আবার মুম্বই ও আরসিবি ম্যাচের টিকিটের দাম আরও বেশি। ১৫ হাজার থেকে শুরু করে ১ লক্ষ টাকা।’
গুজরাট টাইটান্সের হোম ম্যাচের টিকিট আবার মিলবে বুক মাই শো অ্যাপে। যা বোঝা যাচ্ছে, এবার আইপিএলের টিকিট নিয়ে কালোবাজারি হবে যথেষ্টই।















