আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজে খেলবেন না রোহিত শর্মা, বিরাট কোহলি এবং জসপ্রীত বুমরা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হবে ইংল্যান্ড সিরিজ। ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ এবং তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে ভারত। রোহিত এবং বিরাট ইতিমধ্যেই টি-২০ ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। অন্যদিকে, বুমরাকে বিশ্রামে রাখা হয়েছে ওয়ার্কলোড কমানোর কারণে। তিন ম্যাচের ওডিআই সিরিজটি ফেব্রুয়ারি ৬ থেকে শুরু হবে।
চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ সালের আগে ইংল্যান্ডের বিরুদ্ধেই শেষ ওডিআই সিরিজে নামবে ভারতীয় দল। গোটা সিরিজেই খেলবেন না বুমরা। পঞ্চাশ ওভারের সিরিজের জন্য রোহিত ও বিরাটের উপস্থিতি নিশ্চিত করতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচক কমিটি। চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে দুই সিনিয়র ক্রিকেটারকে খেলানো হলেও হতে পারে। বর্তমানে রোহিত, বিরাট এবং বুমরা অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকার ট্রফি খেলতে ব্যস্ত। চলতি সিরিজে অবশ্য রোহিত এবং বিরাট ব্যাট হাতে ব্যর্থ হলেও বুমরা চার টেস্টে ৩০ উইকেট নিয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন।
প্রসঙ্গত, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি থেকে। টুর্নামেন্টটি হবে হাইব্রিড মডেলে। ভারতের সব ম্যাচ এবং সেমিফাইনাল অনুষ্ঠিত হবে দুবাইয়ে। ভারত ফাইনালে পৌঁছলে সেটিও দুবাইয়ে অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে। ২৩ ফেব্রুয়ারি ভারত নামবে পাকিস্তানের বিরুদ্ধে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ এ-তে রয়েছে পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড ও বাংলাদেশ। গ্রুপ বি-তে রয়েছে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা।
















