আজকাল ওয়েবডেস্ক: ৩০ জুলাই শেষ হয়ে যাচ্ছে ভারত শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ। তারপর ২ আগস্ট থেকে শুরু হচ্ছে একদিনের সিরিজ। ওডিআই সিরিজে দেখা যাবে রোহিত শর্মা, বিরাট কোহলিকে। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ছুটিতে ছিলেন রোহিত-বিরাট।






দেশে ফিরে রবিবারই তাঁরা পৌঁছেছেন শ্রীলঙ্কায়। মঙ্গলবার পাল্লেকেলেতে তৃতীয় টি-টোয়েন্টির পরই ওডিআইয়ের জন্য অনুশীলন শুরু করে দেবে ভারতীয় দল। তবে সোমবার থেকেই কলম্বোতে অনুশীলন শুরু করবেন রোহিত, বিরাটরা। তাঁদের সঙ্গে রয়েছেন হর্ষিত রানাও। একদিনের সিরিজে দলে রয়েছেন কুলদীপ যাদব, শ্রেয়স আইয়ারও। ২০২৩ সালের বিশ্বকাপের পর একদিনের দল থেকে বাদ পড়েছিলেন শ্রেয়স। ফলে, শ্রীলঙ্কা সিরিজকে পাখির চোখ করছেন তিনি। কুলদীপ, রোহিত এবং বিরাট বিশ্বকাপের প্রায় একমাস পর মাঠে নামতে চলেছেন।






আইপিএলে ভাল পারফর্ম করে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন হর্ষিত। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারত। সবকটি ম্যাচ খেলা হবে প্রেমদাসা স্টেডিয়ামে। প্রথম ম্যাচ ২ আগস্ট, দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে যথাক্রমে ৪ ও ৭ আগস্ট।