আজকাল ওয়েবডেস্ক: আকাশ চোপড়া বলেছিলেন, ওরা ২৫০ রান করলেও সেই রান তুলে নেবে প্রতিপক্ষ। 

এবার প্রাক্তন ক্রিকেটার রবিন উত্থাপ্পা বললেন, ব্যাটিং শক্তিশালী হলেও বোলিং দুর্বল। আর এই দুর্বল বোলিং কিন্তু সানরাইজার্স হায়দরাবাদকে টুর্নামেন্ট জেতাতে পারবে না। 

উত্থাপ্পা বলেছেন, ''সানরাইজার্স হায়দরাবাদের আগ্রাসী ব্যাটিংয়ে বিনোদনের মশলা রয়েছে। দেখতে ভাল লাগে। কিন্তু শুধু ব্যাটিং জেতাতে পারবে না সানরাইজার্সকে। ওদের বোলিং অপেক্ষাকৃত দুর্বল। বোলাররাই ট্রফি জেতায়।'' 

সানরাইজার্সের বোলিং বিভাগে রয়েছেন শিবম মাভি, জয়দেব উনাদকাট, এশান মালিঙ্গা, হর্ষল প্যাটেল এবং নীতীশ কুমার রেড্ডি। হর্ষ দুবে ও জিশান আনসারি স্পিন বোলিংয়ের দায়িত্বে রয়েছেন। 
উত্থাপ্পা বলছেন, সানরাইজার্সের বোলিং দুর্বল। হায়দরাবাদের ফ্ল্যাট উইকেটে বেশি জোরে বল করা যাবে না। তিনি বলেন, ''হায়দরাবাদে সাতটা ম্যাচ খেলবে সানরাইজার্স। ওখানে ব্যাটসম্যানদের কাছে স্বর্গ। এই উইকেটে মহম্মদ সামিও কিন্তু কার্যকরী নয়। এই ধরনের উইকেটে ভুবনেশ্বর কুমারের মতো বোলার দরকার। ও খুব বুদ্ধিমান বোলার।  বল সুইং করাতে পারে, গতিতে পরিবর্তন আনতে পারে, ইয়র্কার দিতে পারে। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে জোরালো গতিতে বল করার দরকার নেই। বল সিম করে না। ওদের ব্যাটিংয়ের পাশে থাকার মতো বোলিং নেই।'' 

তবে এগুলো সবই টুর্নামেন্টের আগের মন্তব্য। টুর্নামেন্ট শুরু হলে পরিস্থিতি বদলে যেতে পারে। যে সানরাইজার্সকে কেউ ধরছে না, সেই তারাই কিন্তু চমকে দিতে পারে।