আজকাল ওয়েবডেস্ক: ২০২৫ সালের ভূত তাড়াতে চান ঋষভ পন্থ। ২৭ কোটির পন্থ ব্যাট হাতে গত মরশুমের ব্যর্থতা ঢাকতে মরিয়া। ১ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের আইপিএল যাত্রা শুরু করছে লখনউ সুপার জায়ান্টাস।
টুর্নামেন্ট শুরুর আগে পন্থ কি চাপে? দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ফ্যাফ দু প্লেসিস মনে করেন পন্থ এই টুর্নামেন্টে সব থেকে চাপে থাকবেন।
২৭ কোটি টাকা খরচ করে পন্থকে দলে নিয়েছে লখনউ। কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। যদিও সেঞ্চুরি হাঁকিয়েছিলেন পন্থ, কিন্তু প্লে অফের দরজা খুলতে পারেনি এলএসজি। ১৩ ম্যাচে পন্থ ২৬৯ রান করেছিলেন। দু প্লেসিস বলছেন, ''এই বছর পন্থ সবথেকে বেশি চাপ থাকবে। কেউ কেউ দর বাড়ার সঙ্গে সঙ্গে ভাল খেলে আবার কেউ পারে না।''
দু প্লেসিস আরও বলেন, ''গত মরশুম পন্থের জন্য ভাল যায়নি। দল ব্যর্থ হয়েছে। যেভাবে পন্থকে আমরা রান করতে দেখেছি, সেভাবে ও রান পায়নি।''
ফলে এই মরশুমে চাপ বাড়বে পন্থের উপরে। অধিনায়ক পন্থের দল পরিচালনার সঙ্গে সঙ্গে রান করাই প্রথম কাজ।
দু প্লেসিস বলছেন, ''অধিনায়ক হিসেবে রান করতে পারলে পন্থের উপর থেকে চাপ কমে যাবে। দলের পারফরম্যান্সের দিকেও অবশ্য নজর দিতে হবে পন্থকে।''
এদিকে আইপিএল শুরুর আগে মন্দিরে মাথা ঠুকলেন ঋষভ পন্থ। লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে গেলেন অযোধ্যা। রাম জন্মভূমি মন্দির দর্শনে যান দলের আরও কয়েকজন সদস্যও। নিজেদের এক্স হ্যান্ডেলে অযোধ্যা সফরের একটি ছবি পোস্ট করে এলএসজি। ক্যাপশনে লেখা হয়, ''আইপিএল শুরুর আগে প্রার্থনা করতে ডঃ সঞ্জীব গোয়েঙ্কা অযোধ্যায় রাম জন্মভূমিতে গিয়েছেন। সঙ্গে গিয়েছেন অধিনায়ক ঋষভ পন্থ এবং দলের বাকি সদস্যরা।''
আইপিএলে অভিষেকের পর মিশ্র রেজাল্ট পেয়েছে এলএসজি। কেএল রাহুলের অধিনায়কত্বে ২০২২ আইপিএলের প্লে অফে উঠেছিল লখনউ। কিন্তু এলিমিনেটরে হেরে ছিটকে যায়। পরের আইপিএলেও একই গল্প। এলিমিনেটরে বিদায় নেয়। সেই মরশুমে দ্বিতীয় পর্বে দলকে নেতৃত্ব দেন ক্রুনাল পাণ্ডিয়া। ২০২৪ আইপিএলে লিগের গণ্ডি পার করতে পারেনি রাহুলের এলএসজি। ২০২৫ মেগা নিলামের আগে ম্যানেজমেন্ট রাহুলকে ছেড়ে দেয়। ২৭ কোটি দিয়ে ঋষভ পন্থকে নেয় লখনউ। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার। পন্থের নেতৃত্বে ডাহা ব্যর্থ হয় লখনউ। ১৪ ম্যাচের মধ্যে মাত্র ছ'টিতে জেতে।
