আজকাল ওয়েবডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে কি ব্যাট করতে পারবেন ঋষভ পন্থ? দ্বিতীয় দিন উইকেটকিপিং করার সময় হাঁটুতে চোট পাওয়ার পর থেকে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। অবশেষে কিছুটা স্বস্তি ফিরল ভারতীয় শিবিরে। জানা গিয়েছে, দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারবেন পন্থ। তৃতীয় দিন চায়ের বিরতিতে থ্রো ডাউন প্র্যাকটিস করতে দেখা যায় তারকা উইকেটকিপার ব্যাটারকে। কয়েকটা ছক্কাও হাঁকান। একইসঙ্গে ড্রেসিংরুমে প্যাড পরে অপেক্ষা করতে দেখা যায়। অর্থাৎ, চতুর্থ দিন ব্যাট করতে দেখা যেতে পারে পন্থকে। চতুর্থ দিনের শুরু থেকেই সরফরাজ খানের সঙ্গে যোগ দেবেন তিনি। ৭০ রানে অপরাজিত সরফরাজ। তৃতীয় দিনের শেষ বলে আউট হন বিরাট কোহলি। ৭০ রানে গ্লেন ফিলিপসের বলে ফেরেন। যা দেখে ড্রেসিংরুমে বাকিদের মতো অবাক হয়ে যান রোহিত। 

বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিন হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়েন পন্থ। কিউয়িদের প্রথম ইনিংসের বাকি সময়টা উইকেটের পেছনে গ্লাভস হাতে দেখা যায় ধ্রুব জুরেলকে। তৃতীয় দিনও উইকেটকিপিং করেননি পন্থ। একমাত্র কনকাশন ছাড়া ম্যাচের মধ্য কোনও ক্রিকেটার বদলের অনুমতি দেয় না আইসিসি। ফলে ঋষভের পরিবর্তে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারবেন না ধ্রুব জুরেল। অর্থাৎ, শেষপর্যন্ত পন্থ ব্যাট করতে না পারলে, একজন ব্যাটার কম হয়ে যাবে টিম ইন্ডিয়ার। কিন্তু বর্তমানে সেই নিয়ে চিন্তা নেই। কারণ পরিস্থিতি ভাল দিকেই এগোচ্ছে। অন্তত ভাইরাল হওয়া ভিডিও তাই বলছে। তৃতীয় দিন চায়ের বিরতিতে স্বাভাবিক ছন্দেই পাওয়া গেল পন্থকে।