আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর প্রাক্কালে ঋষভ পন্থকে নিয়ে চিন্তিত ভারতীয় শিবির। রবিবার হার্দিক পাণ্ডিয়ার একটি শট তাঁর হাঁটুতে লাগে। মাঝে দু'দিন কেটে গেলেও এখনও খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন ভারতীয় উইকেটকিপার ব্যাটার। সোমবার উইকেটকিপিং এবং ফিল্ডিং প্র্যাকটিস করেননি। ব্যাট হাতেও খুব স্বচ্ছন্দ দেখায়নি পন্থকে। একাধিক বলে খোঁচা মারেন। মিসও করেন। পন্থকে তেমন ফিট দেখায়নি। বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে যাত্রা শুরু করবে ভারত। প্রথম ম্যাচে খেলবেন কেএল রাহুল। কয়েকদিন আগে গৌতম গম্ভীর জানিয়ে দেন, তাঁদের প্রথম পছন্দ রাহুল। সেই অনুযায়ী নেটে নিজের ব্যাটিং স্টাইল বদলাতে দেখা যায় কর্ণাটকের ক্রিকেটারকে।
সাধারণত কপিবুক ক্রিকেট খেলতে পছন্দ করেন রাহুল। টেকনিক মেনে খেলেন। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে অন্য ভূমিকায় দেখা যেতে পারে তাঁকে। সম্ভবত পাঁচ বা ছয় নম্বরে ব্যাট করতে নামবেন। এই জায়গা ফিনিশারদের। তাই নিজেকে এবার সেই ভূমিকায় দেখতে চান রাহুল। নেটে তার জোরদার প্রস্তুতি চালাচ্ছেন। সোমবার নেটে বড় শট খেলতে দেখা যায় তাঁকে। আগ্রাসী শট খেলার দিকেই নজর দেন। পাওয়ার হিটিংয়ে জোর দেন। প্রায় প্রত্যেক বলেই রাহুলকে ছয় মারতে দেখা যায়। শেষের দিকের ওভারগুলোয় তাঁর ভূমিকা সক্রিয় হতে পারে। মাঠে নেমেই আগ্রাসন দেখাতে হবে। তাই সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত রাখছেন রাহুল।
















