আজকাল ওয়েবডেস্ক: আসন্ন আফগানিস্তান সিরিজের জন্য টেস্ট ও ওয়ানডে দল ঘোষণা করেছে বিসিসিআই। প্রত্যাশামতোই ওয়ানডে দলের সহ-অধিনায়ক করা হয়েছে শ্রেয়স আইয়ারকে। টেস্ট ও ওয়ানডে, দুই ফরম্যাটেই অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন শুভমন গিল।
তবে পাঞ্জাব কিংসের প্রধান কোচ রিকি পন্টিং মনে করছেন, ভারতের টি-টোয়েন্টি দলের ভবিষ্যৎ অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন শ্রেয়স আইয়ার।
বর্তমানে টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব হলেও পন্টিংয়ের মতে আইয়ার নেতৃত্বের জন্য অন্যতম শক্তিশালী দাবিদার।
এক সাক্ষাৎকারে পন্টিং বলেন,
''দৌড়ে আরও কয়েকজন রয়েছে, তবে আমার মতে শ্রেয়স অন্যতম দাবিদার।”
গত দু'বছরে টি-টোয়েন্টি ক্রিকেটে আইয়ারের উন্নতির কথাও তুলে ধরেছেন প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক। তাঁর মতে, ব্যাটিংয়ের পাশাপাশি মানসিক দৃঢ়তা ও নেতৃত্বের ক্ষেত্রেও অনেক পরিণত হয়েছেন ভারতীয় এই ব্যাটার।
পন্টিং বলেন, ''টুর্নামেন্টের শুরুতেই আমরা দেখেছি ও কতটা ভালো টি-টোয়েন্টি ক্রিকেটার। মাঠে এবং মাঠের বাইরে—দুই জায়গাতেই এখন ও অনেক বেশি পরিণত।''
যদিও চলতি আইপিএলে কিছুটা ছন্দপতন হয়েছে আইয়ারের। শেষ কয়েকটি ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ৮৮ রান। তবে তাতেও উদ্বিগ্ন নন পন্টিং।
তিনি বলেন, ''ও এখন সম্ভবত কেরিয়ারের সেরা মানসিক অবস্থায় রয়েছে। ১৪টি ম্যাচে ধারাবাহিকতা বজায় রাখা সহজ নয়। একজন ক্রিকেটার এবং একটি দলের উত্থান-পতন থাকবেই।''
এছাড়াও আইয়ার খুব দ্রুত ছন্দে ফিরবেন বলেও আশাবাদী পন্টিং। তাঁর কথায়,
''আমি নিশ্চিত, শেষ ম্যাচেই ও দারুণভাবে ঘুরে দাঁড়াবে। যদি বড় ইনিংস খেলতে পারে, তাহলে আমাদের জয়ের সম্ভাবনাও অনেক বেড়ে যাবে।''
চলতি আইপিএল মরশুমে ব্যাট হাতে যথেষ্ট প্রভাব ফেলেছেন শ্রেয়স আইয়ার। ১৩ ম্যাচে ৪৪ গড়ে এবং ১৬২.৭০ স্ট্রাইক রেটে তিনি করেছেন ৩৯৬ রান। ইতিমধ্যেই রয়েছে পাঁচটি অর্ধশতরান। তাঁর সর্বোচ্চ ইনিংস অপরাজিত ৭১ রান।















