আজকাল ওয়েবডেস্ক:‌ আসন্ন আইপিএলে রাজস্থান রয়্যালসের অধিনায়ক হচ্ছেন রিয়ান পরাগ। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে এমনটাই দাবি করা হয়েছে।


আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি। তবে ম্যানেজমেন্ট নাকি ইতিমধ্যেই সবুজ সংকেত দিয়ে দিয়েছে বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে।


সঞ্জু স্যামসন আইপিএল নিলামের আগে চেন্নাই সুপার কিংসে যোগ দেওয়ায় নেতৃত্বের আসন ফাঁকা হয়। সেই জায়গায় তরুণ অলরাউন্ডার পরাগের উপরই আস্থা রাখছে ফ্র্যাঞ্চাইজি। রিপোর্ট অনুযায়ী, হেড কোচ কুমার সাঙ্গাকারা পরাগকেই অধিনায়ক করার উপর জোর দিয়েছেন। নেতৃত্বের দৌড়ে যশস্বী জয়েসওয়াল ও রবীন্দ্র জাদেজার নামও ঘুরছিল। প্রসঙ্গত, জয়েসওয়াল কয়েক মাস আগে প্রকাশ্যেই অধিনায়কত্বের আগ্রহও দেখান। তবে শেষ পর্যন্ত পরাগকেই বেছে নেওয়ার পথে এগোতে চাইছে দল। 


অবশ্য এটাই প্রথম নয়। এর আগের বার সঞ্জু চোটের জেরে বাইরে থাকাকালীন আট ম্যাচে রাজস্থানকে নেতৃত্ব দিয়েছিলেন পরাগ। সেই সময় তাঁর ব্যাটিং গড় ছিল ৩৮.৫৭। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে ৯৫ রানের ইনিংস খেলেছিলেন। তবে পরাগের নেতৃত্বে আট ম্যাচে মাত্র দুটি জয় এসেছিল। এদিকে, এবারই রাজস্থান রয়্যালসের সঙ্গে দীর্ঘ ১১ বছরের সম্পর্কের ইতি টেনেছেন সঞ্জু। তাঁর নেতৃত্বে ২০২২ সালে ফাইনালেও উঠেছিল দল।


সঞ্জু দল ছাড়ায় যে বড়সড় খেলোয়াড় বদল হয়েছে, তাতে রাজস্থানে এসেছেন রবীন্দ্র জাদেজা ও স্যাম কারেন। অভিজ্ঞতার নিরিখে অধিনায়ক হিসেবে জাদেজার নামই সবচেয়ে জোরালো ছিল। এমনকি জস বাটলারকে নিয়েও আলোচনা চলছিল। তবু যেহেতু রাজস্থান রয়্যালস তরুণ ‘কোর গ্রুপ’ গড়ে তোলার পথেই হাঁটছে, সেই কারণে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় রিয়ান পরাগকে সামনে রেখেই নতুন অধ্যায় শুরু করতে উৎসাহী তারা। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। এমনটাই দাবি করা হয়েছে একাধিক রিপোর্টে।