আজকাল ওয়েবডেস্ক:‌ ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। যা শোনা যাচ্ছে, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও সানরাইজার্স হায়দরাবাদ। উদ্বোধনী ম্যাচ হবে চিন্নাস্বামীতে। জানা যাচ্ছে, এবারের আইপিএলে হবে ৮৪টি ম্যাচ। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স। আরও জানা যাচ্ছে, চেন্নাই তাদের প্রথম ম্যাচ খেলবে রাজস্থানের বিরুদ্ধে। খেলাটি হবে গুয়াহাটিতে। 


এখনও অবধি যা খবর, ১২ মার্চের মধ্যে প্রকাশিত হবে আইপিএলের সূচি। তবে এবার একসঙ্গে গোটা সূচি প্রকাশ হবে না। কারণ বিভিন্ন রাজ্যে নির্বাচন রয়েছে। জানা গেছে, এবার আইপিএল চলবে ৩১ মে অবধি। 


প্রথম ধাপে শুধুমাত্র টুর্নামেন্টের প্রথম ২০ দিনের সূচি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বোর্ডের সচিব দেবজিৎ সইকিয়া। মঙ্গলবার তিনি বলেন, ‘আমরা ১২ মার্চের মধ্যে আইপিএলের সূচি ঘোষণা করার পরিকল্পনা করেছি। আপাতত প্রথম ২০ দিনের সূচিই প্রকাশ করা হবে।’


বোর্ড সূত্রে খবর, পশ্চিমবঙ্গ, অসম এবং তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনের সম্ভাব্য সময়সূচির সঙ্গে সংঘর্ষ এড়াতেই বিসিসিআই আপাতত পুরো সূচি একসঙ্গে ঘোষণা করছে না। 


ভোটের নির্ঘণ্ট ঘোষণা হলে টুর্নামেন্টের বাকি অংশের সূচি প্রকাশ করা হতে পারে বলে খবর বিসিসিআই সূত্রে। 

এদিকে, আইপিএলের আগেই এল বড় খবর। চেন্নাই সুপার কিংস ফ্রাঞ্চাইজির তরফে। সিএসকে সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছেন, আইপিএলের সব ম্যাচেই খেলার সম্ভাবনা রয়েছে ধোনির। তবে মাঠে ধোনির ভূমিকা কী হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। অর্থাৎ তিনি উইকেটরক্ষা করবেন?‌ এই বিষয়ে সিদ্ধান্ত নেবে ম্যানেজমেন্ট।


২০২৬ আইপিএলে যে ধোনি খেলবেন তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে ভূমিকা নিয়ে রয়েছে প্রশ্ন। মাহিকে উইকেটরক্ষক–ব্যাটারের ভূমিকায় দেখা যাবে কিনা সেটাই বড় প্রশ্ন। ধোনির বয়সের জন্যই এই প্রশ্ন উঠছে। যদিও কাশী বিশ্বনাথন জানিয়েছেন, ‘‌আমি যতদূর জানি ধোনি সব ম্যাচই খেলবে।’‌

দলে এবার এসেছেন সঞ্জু স্যামসন। তাই সম্ভবত তিনিই উইকেটকিপিং করবেন। কাশী বিশ্বনাথন জানিয়েছেন, ‘‌সেটা বলতে পারব না। এটা ক্রিকেট সংক্রান্ত বিষয়। দলের কোচ ও সাপোর্ট স্টাফরাই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। ম্যানেজমেন্টের লোকেরা এই সিদ্ধান্ত নেবেন না। তাই কোচেরাই বলতে পারবেন ধোনি উইকেটরক্ষক–ব্যাটার না শুধুই ব্যাটার হিসেবে না ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলবেন।’‌