আজকাল ওয়েবডেস্ক:‌ টি–২০ বিশ্বকাপ জেতার জন্য টিম ইন্ডিয়াকে ১৩১ কোটি টাকা পুরস্কার দেবে বিসিসিআই। এর আগে ২০২৪ সালে কাপ জেতার পর বিসিসিআই দিয়েছিল ১২৫ কোটি টাকা। 


জানা গেছে, এবারের ১৩১ কোটি ভাগ করে দেওয়া হবে ১৫ জন ক্রিকেটার, কোচিং স্টাফ ও অন্যান্য সাপোর্ট স্টাফদের মধ্যে।


সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, এই ১৩১ কোটি টাকার সিংহভাগটাই পাবেন ক্রিকেটাররা। আর সাপোর্ট স্টাফদের যোগ্যতা অনুযায়ী টাকা দেওয়া হবে।


বোর্ডের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘‌টি–২০ বিশ্বকাপ জেতার জন্য বিসিসিআই ১৩১ কোটি টাকা নগদ পুরস্কার দেবে। এই ঐতিহাসিক জয়ের জন্য ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, নির্বাচকদের অসংখ্য ধন্যবাদ।’‌ 


এটা ঘটনা, ভারত প্রথম দল যারা টি–২০ বিশ্বকাপ টানা দ্বিতীয়বার জিতল। কোনও দলের এই কৃতিত্ব নেই। আয়োজক দল হিসেবেও প্রথম ট্রফি জয়ের কৃতিত্ব ভারতের। এদিকে, টুর্নামেন্ট জেতার জন্য ভারতীয় দলকে আইসিসি দিয়েছে প্রায় ২১ কোটি ৫০ লক্ষ টাকা। 

এদিকে, মাস দু্য়েক আগেও কেউ জানত না তিনি বিশ্বকাপের দলে সুযোগ পাবেন। কিন্তু ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পর তিনি জাতীয় দলে সুযোগ পান। ‌আর তাতেই বাজিমাত। টি–২০ বিশ্বকাপে ঈশান কিষান যা খেলেছেন তা এখন ইতিহাস।


দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে কিষানের। সেই কিষানই পাটনা বিমানবন্দরে নেমে বলেছেন, তাঁর এই পারফরম্যান্স দেশের তরুণদের অনুপ্রাণিত করবে।


বিমানবন্দরে কিষানের সঙ্গে ছিলেন তাঁর বাবা প্রণব পাণ্ডে। বিমানবন্দরে কিষান বলেছেন, ‘‌আমাদের দল জিতেছে। এটা সত্যিই দারুণ। গোটা দেশের জন্যই এটা গর্বের মুহূর্ত। আমরা এভাবেই খেলে যেতে চাই ও জিততে চাই।’‌ ‌