আজকাল ওয়েবডেস্ক:‌ ২৮ মার্চ থেকে শুরু হবে আইপিএল। ফ্রাঞ্চাইজি দলগুলি প্রস্তুতি শুরু করে দিয়েছে। অনেক ক্রিকেটারই শিবিরে যোগ দিয়েছেন। এখন প্রশ্ন টি–২০ বিশ্বকাপ খেলা ক্রিকেটাররা বা ভারতীয় দলের ক্রিকেটাররা কবে দলের সঙ্গে যোগ দেবেন?‌


জানা গেছে, বিশ্বকাপ খেলা ভারতীয় দলের ক্রিকেটাররা এখন পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। তাছাড়া বিশ্বকাপের আগেই ছিল নিউজিল্যান্ড সিরিজ। তাই সূর্যরা এখন বেশ ক্লান্ত। তবে আইপিএলে নিজ নিজ ফ্রাঞ্চাইজিতেও এই ক্রিকেটাররা সমান গুরুত্বপূর্ণ। 


৮ মার্চ বিশ্বকাপ ফাইনাল শেষ হয়েছে। আর আইপিএল শুরু হবে ২৮ মার্চ থেকে। ইতিমধ্যেই ১২ তারিখ হয়ে গিয়েছে। সূত্রের খবর, ১৬ মার্চ থেকে ভারতীয় দলের ক্রিকেটাররা নিজ নিজ আইপিএল দলে যোগ দিতে শুরু করবেন।


অবশ্য তার আগে বোর্ডের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান রয়েছে। রবিবার ১৫ মার্চ দিল্লিতে তা অনুষ্ঠিত হবে। তবে বিদেশি ক্রিকেটারদের বিশেষ করে দক্ষিণ আফ্রিকা ও ক্যারিবিয়ান ক্রিকেটারদের আইপিএলে যোগ দিতে বিলম্ব হতে পারে। কারণ বিশ্বকাপ শেষ হলেও এই দুই দলের ক্রিকেটাররা দীর্ঘদিন ভারতে আটকে ছিলেন। বুধবার অবধিও একাধিক ক্রিকেটার ভারতে ছিলেন। মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে আকাশসীমা বন্ধ বা আংশিক বন্ধ থাকার কারণে বিমান চলাচলে বিঘ্ন ছিল। অনেক ক্রিকেটারই ঠিক সময়ে দেশে ফিরতে পারেননি। এবার দেশ থেকে ভারতে ফেরার সময়েও তাদের দুবাই বা আবুধাবি হয়ে ফিরতে হবে। এদিকে, ওই দিকেই আকাশসীমা সবচেয়ে বেশি বন্ধ থাকছে। ফলে প্রোটিয়া ও ক্যারিবিয়ান ক্রিকেটারদের আসতে একটু দেরি হতে পারে। যদিও ফ্রাঞ্চাইজি মালিকরা বলছেন, প্রথম ম্যাচের আগেই বিদেশি ক্রিকেটাররা দলের সঙ্গে যোগ দেবেন। 

এদিকে, টি–২০ বিশ্বকাপে একটি ম্যাচেই হেরেছিল টিম ইন্ডিয়া। সেটা সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। সেই ম্যাচের প্রথম একাদশে রাখা হয়নি অক্ষর প্যাটেলকে। এই সিদ্ধান্তের সমালোচনা অনেকেই করেছিলেন। অবশেষে অধিনায়ক সূর্যকুমার যাদবও মেনে নিলেন, এটা ভুল সিদ্ধান্ত ছিল। 


সম্প্রতি এক সাক্ষাৎকারে সূর্য বলেছেন, বাদ দেওয়ায় অক্ষর ভীষণ ভেঙে পড়েছিল। সূর্য এটাও বলেছেন, ম্যাচ শেষে ব্যক্তিগতভাবে তিনি অক্ষরের কাছে ক্ষমা চেয়েছিলেন।