আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে ফের নিজের পুরনো ছন্দে ফিরলেন বিরাট কোহলি।
বুধবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে খেলতে নেমে দুরন্ত শতরান হাঁকালেন তিনি।
মাত্র ৬০ বলে অপরাজিত ১০৫ রানের ইনিংস খেলে দলকে জেতান তিনি। কলকাতার বিরুদ্ধে দ্বৈরথের আগে দু'টি ম্যাচে তিনি খাতা খোলেননি।
ম্যাচ চলাকালীন কোহলির সঙ্গে কেকেআরের ক্রিকেটার মণীষ পাণ্ডের একটি মজার কথোপকথনও ধরা পড়ে স্টাম্প মাইক্রোফোনে। কোহলিকে বলতে শোনা যায়, তিনি এবার র্যাম্প বা স্কুপের মতো শট খেলবেন। মজার ছলে তিনি বলেন, ''এখন তো আর ভারতের হয়ে খেলছি না, তাই সব শটই ঠিকঠাক লাগবে!''
কোহলি বলেন, ''দ্যাখ এবার কেমন মারি', এরপর র্যাম্প শটের ইঙ্গিতও দেন তিনি। এই হালকা মুহূর্তে হাসিতে মেতে ওঠেন দুই ক্রিকেটারই।
উল্লেখ্য, ২০০৮ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলে একসঙ্গে খেলেছিলেন কোহলি ও মনীশ পাণ্ডে। এছাড়াও জাতীয় দল এবং আরসিবির ড্রেসিংরুমেও বহুবার একসঙ্গে সময় কাটিয়েছেন তাঁরা।
কেকেআরের দেওয়া ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোহলির ইনিংস ছিল আরসিবির জয়ের মূল চাবিকাঠি। তাঁর ব্যাটে ভর করেই পাঁচ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় বেঙ্গালুরু।
এই জয়ের ফলে আরসিবি পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে। অন্যদিকে কেকেআর-এর আইপিএল অভিযান কার্যত শেষ।















