আজকাল ওয়েবডেস্ক: আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বৈভব সূর্যবংশীকে একটি ম্যাচেও নামানো হয়নি।
১৫ বছর বয়সী কিশোর তারকাকে প্রথম একাদশে না রাখার সিদ্ধান্তকে সমর্থন করেছিলেন ভারতের প্রাক্তন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। আর সমর্থন করে তীব্র সমালোচিত হয়েছিলেন তিনি।
ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে অশ্বিন বলেন, সিনিয়র ক্রিকেটারদের জন্য মাঠে জল বহন করা বা ড্রেসিংরুমের পরিবেশে থেকে শেখার মধ্যে কোনও অসম্মানের বিষয় নেই।
আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পর ভারত-এ দলের হয়ে শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজেও নজরকাড়া ব্যাটিং করেন বৈভব। সেখানে তিনি লিস্ট-এ ক্রিকেটের ইতিহাসে দ্রুততম অর্ধশতরানের রেকর্ডও গড়েন।
তবুও আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে অভিষেকের সুযোগ পাননি এই তরুণ ব্যাটার।
সেই সময়ে অশ্বিন বলেছিলেন, জাতীয় দলের পরিবেশে থেকে খেলা দেখা, দলের সঙ্গে সময় কাটানো এবং ছোট ছোট দায়িত্ব পালন করাও একজন তরুণ ক্রিকেটারের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁর মন্তব্য ছিল, ''দলের বাইরে বসেও অনেক কিছু শেখা যায়। সে দলের জন্য কাজ করুক, প্রয়োজনে জলও বহন করুক। এই অভিজ্ঞতার মূল্য অনেক।''
তিনি আরও বলেছিলেন, ''কোনও বড় ক্রিকেটার একদিনে তৈরি হয় না। বৈভব যখন নিয়মিত খেলতে শুরু করবে, তখন হয়তো তাকে আর দল থেকে বাদ দেওয়াই হবে না। শচীন তেণ্ডুলকরের ক্ষেত্রেও এমনটা দেখা গিয়েছিল। তবে তার আগে কিছুটা সময় বাইরে থাকলে দলের পরিবেশ সম্পর্কে ভাল ধারণা তৈরি হবে। সামনে ওর দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ার পড়ে রয়েছে।''
অশ্বিনের এই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই প্রশ্ন তোলেন, এত প্রতিভাবান একজন ক্রিকেটারকে দলে নিয়েও যদি খেলানো না হয়, তাহলে তাকে স্কোয়াডে রাখারই বা অর্থ কী?
নিজের ইউটিউব চ্যানেলে সেই সমালোচনার জবাব দিতে গিয়ে অশ্বিন বলেন, ''বৈভবকে সময় দিতে হবে। আইপিএলে ও যেভাবে খেলেছে, তাতে ওকে একসময় খেলাতেই হবে। ও সত্যিই বিশেষ প্রতিভা।''
এরপরই তিনি যোগ করেন, ''আমি শুধু বলতে চাই, জল বহন করা কোনও অপমানের বিষয় নয়। মানুষ কেন এটাকে খারাপভাবে দেখছে? ক্রিকেটের সংস্কৃতি কবে থেকে বদলে গেল?''
নিজের ছোটবেলার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন অশ্বিন। তিনি বলেন, ''নব্বইয়ের দশক এবং ২০০০-এর শুরুর দিকে আমি চেন্নাইয়ে বলবয় ছিলাম। তখন ভারতীয় ক্রিকেটারদের জন্য মাঠে জল নিয়ে যেতে পারাটা আমার কাছে গর্বের বিষয় ছিল। ভারতীয় দলের ক্রিকেটারদের হাতে জল তুলে দেওয়া কবে থেকে ছোট কাজ হয়ে গেল?''














