আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছে গুজরাট টাইটান্স। রাজস্থান রয়্যালসকে হারিয়ে দাপুটে জয় তুলে নেয় শুভমন গিলের দল। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে বল হাতে ম্যাচের নায়ক হয়ে ওঠেন আফগান স্পিনার রশিদ খান। ৪ ওভারে ৩২ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ হন।
ম্যাচে রাজস্থানের গুরুত্বপূর্ণ ব্যাটারদের দ্রুত ফিরিয়ে দেন রশিদ। তাঁর শিকার হন ধ্রুব জুড়েল, রবীন্দ্র জাদেজা, ডোনোভান ফেরেইরা এবং শুভম দুবে।
রশিদের ঘূর্ণিতে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় রাজস্থান। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে এই জয় গুজরাটের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ম্যাচেই আইপিএলের ইতিহাসে নতুন নজির গড়লেন রশিদ খান। তিন বা তার বেশি উইকেট নেওয়ার নিরিখে বিদেশি স্পিনারদের তালিকায় তিনি টপকে গেলেন সুনীল নারিনকে। নারিনের ঝুলিতে ছিল ১৭টি তিন উইকেট নেওয়ার কীর্তি। রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে দুরন্ত স্পেলের পর রশিদের সংগ্রহ দাঁড়াল ১৮।
স্পিনারদের মধ্যে সর্বাধিক তিন উইকেট নেওয়ার তালিকায় বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছেন রশিদ।
শীর্ষে রয়েছেন যুজবেন্দ্র চাহাল। তাঁর ঝুলিতে রয়েছে ২৩টি তিন উইকেট শিকার।
এখনও পর্যন্ত আইপিএলে ১৪৭ ইনিংসে ১৭৩টি উইকেট নিয়েছেন ২৭ বছরের আফগান তারকা।
বিশ্বের সবচেয়ে বড় টি-টোয়েন্টি লিগে ইতিমধ্যেই চারবার চার উইকেট নেওয়ার কৃতিত্বও রয়েছে রশিদের।
রাজস্থানের বিরুদ্ধে বড় জয়ের পর এবার গুজরাট টাইটান্সের নজর আগামী ম্যাচে। মঙ্গলবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে তারা।
















