আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে বিরাট কোহলি ও ট্র্যাভিস হেডের বিতর্ক নতুন মোড় নিয়েছে।

 রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচে শুরু হওয়া কথার লড়াই ম্যাচ শেষের পর আরও উত্তপ্ত হয়ে ওঠে। কোহলি হেডের সঙ্গে হাত মেলাতে অস্বীকার করেন বলে অভিযোগ ওঠে। এরপরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র বিতর্ক।

ঘটনা আরও খারাপ দিকে যায় যখন হেডের স্ত্রী জেসিকা-কে উদ্দেশ্য করে অনলাইনে ট্রোল করা শুরু করেন কিছু সমর্থক। 

শুধু তাই নয়, এক অদ্ভুত ভুল বোঝাবুঝির জেরে মার্কিন র‍্যাপার ট্র্যাভিস স্কট-ও এই বিতর্কে জড়িয়ে পড়েন। 

অনেকেই ভুল করে ট্র্যাভিস স্কটকে অজি তারকা ট্র্যাভিস হেড ভেবে তাঁর ইনস্টাগ্রাম পোস্টে আপত্তিকর মন্তব্য করতে থাকেন। সেই স্ক্রিনশট ও পোস্ট দ্রুত ভাইরাল হয়ে যায়।

সোমবার অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জেসিকা হেড জানান, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের পর যেমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল, এবারও প্রায় একই অভিজ্ঞতার শিকার হচ্ছেন তিনি।

জেসিকা বলেন, ''বিশ্বকাপের পর যে ধরনের অপমানজনক মন্তব্য এসেছিল, এবারও ঠিক তেমনটাই হচ্ছে। ঘুম থেকে উঠে দেখি সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে। আমরা ঠিক আছি, কিন্তু এখন আমার বন্ধু ও পরিবারকেও আক্রমণ করা হচ্ছে।''  

তিনি আরও বলেন, ''বর্তমানে খেলাধুলার জগতে মানসিক স্বাস্থ্য এবং মানুষের প্রতি মানুষের কেমন ব্যবহার করা উচিত, তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়া দরকার। খেলায় আবেগ থাকবে, কিন্তু এটাও মনে রাখা জরুরি যে খেলোয়াড়দের পিছনে বাস্তব মানুষ ও পরিবার রয়েছে। আশা করি, এই ঘটনা মানুষকে আরও সহানুভূতিশীল হতে শেখাবে।''

উল্লেখ্য, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে রোহিত শর্মার গুরুত্বপূর্ণ ক্যাচ ধরেছিলেন হেড। সেই ম্যাচের পরেও জেসিকা হেডকে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ ও অপমানজনক মন্তব্যের মুখে পড়তে হয়েছিল।

এদিকে, আইপিএল ২০২৬-এর প্লে-অফে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদ, এই দুই দলই যোগ্যতা অর্জন করেছে। ফলে টুর্নামেন্টে ফের মুখোমুখি হতে পারেন কোহলি ও হেড।