আজকাল ওয়েবডেস্ক: রঞ্জি ট্রফির সেমিফাইনালে ভাল জায়গায় বাংলা। দ্বিতীয় দিনের শেষে বোলারদের পারফরম্যান্সে খুশি হবেন লক্ষ্মীরতন শুক্লা। এখনও পর্যন্ত ঘরের মাঠে খেলার পুরো ফায়দা নেয়। প্রথম ইনিংসে লিড নেওয়াই প্রাথমিক লক্ষ্য বাংলার। সেদিকেই এগোচ্ছে দল। সোমবার কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমি মাঠে ম্যাচের দ্বিতীয় দিনের শেষে বাংলার ৩২৮ রানের জবাবে প্রথম ইনিংসে ৫১ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৮ রান জম্মু কাশ্মীরের। বাংলা এগিয়ে ১৩০ রানে। রবিবার প্রথম দিনের শেষে বাংলার রান ছিল ৫ উইকেটে ২৪৯। সেখান থেকে বাংলার প্রথম ইনিংস শেষ হয় ৩২৮ রানে। সুদীপ কুমার ঘরামি করেন ১৪৬ রান। সুমন্ত গুপ্ত ৩৯ করেন। আকাশ দীপ ৭, শাকির হাবিব গান্ধী ৪ এবং মহম্মদ শামি ১ রান করেন। মুকেশ কুমার ১১ রানে অপরাজিত থাকেন। আকিব নবি পাঁচটি এবং সুনীল কুমার তিনটি উইকেট পান। একটি করে উইকেট দখল করেন যুধবীর সিং এবং আবিদ মুস্তাক।
ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে জম্মু কাশ্মীর। ৭.১ ওভারে ১৩ রানের মধ্যে প্রথম তিন উইকেট হারায়। পরিস্থিতি সামাল দেন অধিনায়ক পরশ ডোগরা এবং আব্দুল সামাদ। চতুর্থ উইকেটে তাঁরা ১৪৩ রান যোগ করে। তাঁদের কাঁধে ভর করে লড়াইয়ে ফেরে জম্মু কাশ্মীর। যদিও দলগত ১৫৬ রানের মাথায় সামাদ এবং ডোগরা সাজঘরে ফেরেন। শতরান হাতছাড়া করেন সামাদ। ৮২ রানে আউট হন। ডোগরা করেন ৫৮। আবিদ মুস্তাক ২৬ এবং কানহাইয়া ওয়াধাওয়ান ১০ রানে অপরাজিত আছেন। বল হাতে আবার সফল মহম্মদ শামি। তিনটি উইকেট নেন তারকা পেসার। দুটি উইকেট সংগ্রহ মুকেশ কুমারের।
