আজকাল ওয়েবডেস্ক: সময়টা খারাপ যাচ্ছে বাবর আজমের। ব্যাটে তেমন রান নেই। তারওপর কটাক্ষ। বাবরকে আবার চেনা ছন্দে ফেরাতে এবার অভিনব পদক্ষেপ। অবশ্য পুরোটাই মজার ছলে। মাঠে দাঁড়িয়েই প্রাক্তন পাকিস্তান অধিনায়কের নজর কাটিয়ে দিলেন পিএসএলের সিইও। সলমন নাসেরের সঙ্গে বাবর আজমের সেই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। কুয়েত্তা গ্ল্যাডিয়েটর্সের বিরুদ্ধে পেশোয়ার জলমির জয়ের পর এমন দৃশ্য দেখা যায়। সেরা ছন্দে না থাকলেও রেকর্ডবুকে নাম তোলেন বাবর। টি-২০ ক্রিকেটে পেরোন আরও একটি মাইলস্টোন। এই ফরম্যাটে সবচেয়ে দ্রুততম প্লেয়ার হিসেবে ১২০০০ রানে পৌঁছে যান। পিএসএলের ইতিহাসে একমাত্র ক্রিকেটার হিসেবে ৪০০০ রান সম্পূর্ণ করেন। টি-২০ ক্রিকেটে চতুর্থ ব্যটার হিসেবে অর্ধশতরানের শতরান করেন বাবর।
পিএসএলে এই প্রথমবার টানা পাঁচ ম্যাচ জেতার রেকর্ড করে পেশোয়ার জলমি। টুর্নামেন্টের ১১তম সংস্করণে ষষ্ঠ জয় তুলে নেয় বাবরের দল। প্রসঙ্গত, কয়েকদিন আগে সমালোচনার মুখে পড়েন বাবর। হায়দরাবাদ কিংসমেনের বিরুদ্ধে দলের সর্বোচ্চ রান সংগ্রহকারী হন তিনি। ৩৭ বলে ৪৩ রান করেন। ১৪৬ রানের টার্গেট তাড়া করতে নেমে, সেট হওয়ার পরও দলকে জেতাতে ব্যর্থ। শুরুটা ভাল করেও, বড় রানে পরিবর্তন করতে পারেননি। আরও একবার ম্যাচ শেষ করতে ব্যর্থ বাবর। সাংবাদিক সম্মেলনে ওঠে এই প্রসঙ্গ। তাঁর ম্যাচ ফিনিশ করার অক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে। বিরাট কোহলির সঙ্গে তুলনা টানা হয়। সংশ্লিষ্ঠ সাংবাদিক প্রশ্ন করেন, কোহলি সবসময় দলকে জিতিয়ে মাঠ ছাড়েন, কিন্তু বাবর সেটা করতে পারেন না।
এই প্রশ্নে স্বাভাবিকভাবেই ক্ষেপে যান পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। স্পষ্ট হতাশা ব্যক্ত করেন। রিপোর্টারের প্রশ্ন ছিল, 'বিরাট কোহলি একই জায়গায়, একই পরিস্থিতিতে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়ে, কিন্তু তুমি সেটা করতে পারো না। সবাই ওর সঙ্গে তোমার তুলনা করে, এই বিষয়ে তোমার কী মতামত?' প্রশ্ন শুনেই রেগে যান বাবর। বলেন, 'এবার এই বিষয়গুলো শেষ করো। নয়তো এগুলো তোমার কাছেই সীমাবদ্ধ রাখো। এই তুলনা ভুলে এবার এগিয়ে যাও। আমি ম্যাচ ফিনিশ করিনি, বা করতে পারি না, এটা সম্পূর্ণ তোমার ভুল ধারণা।' পাকিস্তান ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরাদের মধ্যে নাম থাকবে বাবর আজমের। কিন্তু প্রায়শই সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। বিশেষ করে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে। স্ট্রাইক রেট থেকে শুরু করে ম্যাচ ফিনিশ। প্রায়ই সমালোচকদের নিশানায় পড়ে যান।
















