আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা ব্যাটার ও সদ্যসমাপ্ত বিশ্বকাপজয়ী স্মৃতি মান্ধানার বাগদানের খবর পেয়েই তাঁদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সঙ্গীত পরিচালক পালাশ মুছলের সঙ্গে স্মৃতির বাগদানকে প্রধানমন্ত্রী এক ‘দুই সফল ব্যক্তিত্বের সুন্দর মিলন’ বলে বর্ণনা করেন।

একটি বিশেষ বার্তায় তিনি নবদম্পতি ও উভয় পরিবারকে অভিনন্দন জানান এবং নতুন জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী মোদির কথায় উঠে এসেছে ভালোবাসা, বিশ্বাস এবং একসাজে এগিয়ে চলার কথা। নিজের চিঠিতে তিনি স্মৃতি ও পলাশকে একটি সুখী দাম্পত্য জীবনের শুভকামনা জানিয়ে লেখেন, ‘বিশ্বাস, ভালোবাসা ও দায়িত্ববোধের ভিত্তিতে স্মৃতি ও পলাশ একসঙ্গে জীবন গড়ে তুলুক, সব সময় একে অপরের পাশে দাঁড়াক এবং পরস্পরের শক্তি ও অসম্পূর্ণতাকে গ্রহণ করে এগিয়ে যাক।’

তবে মোদির চিঠিতে ২৩ নভেম্বর দুই তারকার বিয়ের তারিখ উল্লেখ করা হয়েছে। তবে স্মৃতি বা পলাশ কেউই আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করেননি।

বৃহস্পতিবার সঙ্গীত পরিচালক পলাশ মুছলের সঙ্গে স্মৃতি তাঁর বাগদান নিশ্চিত করেন একটি মজার ছলে বানানো ইনস্টাগ্রাম রিলের মাধ্যমে।

সতীর্থদের নিয়ে সাজানো ছোট্ট নাচের ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। জেমিমা রদ্রিগেজ, শ্রেয়াঙ্কা পাটিল, রাধা যাদব এবং অরুন্ধতি রেড্ডি সবাইকে নিয়ে ২০০৬ সালের জনপ্রিয় সিনেমা লাগে রহো মুন্না ভাইয়ের গান ‘সমঝো হো হি গয়া’-তে সুন্দরভাবে কোরিওগ্রাফ করা নাচে অংশ নেন মান্ধানা।

রিলের শেষ মুহূর্তে ক্যামেরার দিকে হাত তুলে নিজের বাগদানের আংটি দেখিয়ে খবরটি নিশ্চিত করেন তিনি। এর আগেই গত অক্টোবর মাসে ইন্দোর স্টেট প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে পলাশ মুছল তাঁদের সম্পর্কে নতুন মোড়ের ইঙ্গিত দিয়েছিলেন।

সরাসরি কিছু না বললেও তিনি হেসে মন্তব্য করেন, ‘খুব শিগগিরই স্মৃতি ইন্দোরের পুত্রবধূ হয়ে যাবে।’ তার সেই মন্তব্যেই জোর গুঞ্জন ছড়ালেও কোনও আনুষ্ঠানিক ঘোষণা তখন আসেনি।

ব্যক্তিগত জীবনের এই খুশির মুহূর্তের সঙ্গে মাঠের সাফল্যও উজ্জ্বল রেখেছেন স্মৃতি। ভারতের ঐতিহাসিক আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপ জয়ের অভিযানে ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স উপহার দেন তিনি। নয় ইনিংসে ৫৪.২২ গড়ে ৪৩৪ রান করেন মান্ধানা, যার মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচ জেতানো শতরানও রয়েছে।