আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপ খেলার ছাড়পত্র পাওয়ার পরই শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দিল পাকিস্তান দল। বিতর্কের মাঝেই সোমবার লাহোরের হোটেল থেকে বিমানবন্দরে যেতে দেখা যায় পাকিস্তানের ক্রিকেটারদের। একটি ভিডিও ফুটেজ প্রকাশিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেখানে প্লেয়ারদের বিশ্বকাপের কিট পরে দেখা যায়। পাকিস্তান তাঁদের সব ম্যাচ কলম্বোতে খেলবে। তারমধ্যে রয়েছে নকআউটের ম্যাচগুলোও। পাকিস্তান ফাইনালে উঠেলে, সেই ম্যাচও কলম্বোতে হবে। দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্কের তিক্ততার কারণে ২০২৭ পর্যন্ত আইসিসি টুর্নামেন্টের ভারত-পাকিস্তান ম্যাচ হবে নিরপেক্ষ ভেন্যুতে। এমন পরিস্থিতিতে আসন্ন টি-২০ বিশ্বকাপের ম্যাচ বয়কট করার সিদ্ধান্তে বিশ্বক্রিকেটকে চমকে দেয় পাকিস্তান। এক্স হ্যান্ডেলে করা পোস্টে এর কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি।
বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, আইসিসিকে এখনও নিজেদের সিদ্ধান্ত জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবির সোশ্যাল মিডিয়ায় করা পোস্ট দেখেই আইসিসির পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। ১৪ বছর কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি ভারত-পাকিস্তান। শুধুমাত্র আইসিসি ইভেন্টে অংশগ্রহণ করে। শনিবার নেদারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ যাত্রা শুরু পাকিস্তানের। বুধবার কলম্বোয় আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচ খেলবে সলমন আঘারা। সলমন আঘা জানান, সরকারের সিদ্ধান্ত মেনে চলবেন তাঁরা।
টি-২০ বিশ্বকাপ শুরু হতে মাত্র এক সপ্তাহ বাকি। কিন্তু পাকিস্তানের ভারত ম্যাচ খেলা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। পাকিস্তানের বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আগেই জানা গিয়েছিল, তাঁরা টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিতে পারে বা ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করতে পারে। পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারত থেকে বাংলাদেশের ম্যাচ সরানোর পূর্ণ সমর্থনে ছিল। কিন্তু আইসিসি বাংলাদেশের অনুরোধ মানেনি। ওপার বাংলার দলকে বিশ্বকাপ থেকে ছেঁটে ফেলা হয়। বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে নেওয়া হয়। বাংলাদেশ বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর, সেন্টারস্টেজ নেয় পাকিস্তান। পিসিবির প্রধান মহসিন নাকভি আইসিসির বিরুদ্ধে দ্বৈত নীতির অভিযোগ আনে।
