আজকাল ওয়েবডেস্ক: ২০২৫-২৬ ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) মরশুমের সম্প্রচার স্বত্ব পেল ফ্যানকোড। প্রযুক্তিগত ও বাণিজ্যিক দরপত্রের মূল্যায়নে ছ’টি সংস্থাকে পিছনে ফেলে এই স্বত্ব অর্জন করেছে ডিজিটাল স্পোর্টস প্ল্যাটফর্মটি।

অন্যদিকে, আইএসএলের ওয়ার্ল্ড ফিড প্রোডাকশনের দায়িত্ব পেয়েছে ক্যালাইডোস্কোপ প্রোডাকশন অ্যান্ড সার্ভিসেস (KPS Studios)। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তরফে সোমবার সম্প্রচারের জন্য দরপত্র খোলা হয়েছিল।

এর আগে গত ১৮ জানুয়ারি আইএসএলের সম্প্রচার সংক্রান্ত রিকোয়েস্ট ফর প্রোপোজাল (RFP) প্রকাশ করা হয় ফেডারেশনের তরফে। ফ্যানকোড ‘প্যাকেজ এ’-এর জন্য দরপত্র জমা দেয়।

এই প্যাকেজের আওতায় রয়েছে ৯১ ম্যাচের লিগে ওয়ার্ল্ড ফিড প্রোডাকশন, টিভি সম্প্রচার এবং ডিজিটাল স্ট্রিমিং। উল্লেখযোগ্যভাবে, এর আগে আইএসএলের সম্প্রচার চুক্তির আর্থিক মূল্য ছিল প্রতি মরশুমে প্রায় ২৭৫ কোটি টাকা।

অর্থাৎ ম্যাচ পিছু আনুমানিক ১.৬৮ কোটি টাকা। ফ্যানকোড ছাড়াও যুক্তরাজ্য ভিত্তিক সম্প্রচার সংস্থা টু সার্কলস, এবিপি স্টুডিয়োজ, জিওস্টার, মনার্ক উইথ পিআর সলিউশনস, স্পোর্টজওয়ার্কস এবং ক্যালাইডোস্কোপ আইএসএলের সম্প্রচার ও প্রোডাকশনের ক্ষেত্রে আগ্রহ দেখিয়েছিল।

দুটি দফায় সংস্থাগুলি বিড জমা দেওয়ার পর ১ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত দরপত্র জমা পড়ে। জানা যায়, শেষপর্যন্ত দরপত্র জমা দেয়নি সোনি স্পোর্টস ও জি স্পোর্টস।

এআইএফএফ জানিয়েছে, সম্প্রচার স্বত্বের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রযুক্তিগত ও আর্থিক দিকটা বিচার করে। প্রথমে প্রযুক্তিগত দরপত্র মূল্যায়ন করা হয়।

সেখানে সম্প্রচার ও প্রোডাকশনের অভিজ্ঞতা, প্রযুক্তিগত পরিকাঠামো ও ক্যামেরার ব্যবস্থাপনা, প্ল্যাটফর্ম কত মানুষ দেখেন এবং এর আগে আয়োজনের অভিজ্ঞতার মতো বিষয়গুলি বিবেচনায় নেওয়া হয়।

এরপর খোলা হয় বাণিজ্যিক দরপত্র। বর্তমানে প্রাথমিক সূচি অনুযায়ী, এবার সংক্ষিপ্ত আকারের আইএসএল মরশম শুরু হওয়ার কথা ১৪ ফেব্রুয়ারি।

প্রথম দিনে ডাবল হেডারে মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট এবং কেরালা ব্লাস্টার্স। অন্য ম্যাচে মুখোমুখি হবে এফসি গোয়া বনাম ইন্টার কাশী। তবে সম্প্রচার সংস্থার প্রয়োজন অনুযায়ী ম্যাচ সূচিতে পরিবর্তন হতে পারে বলে জানানো হয়েছে।