আজকাল ওয়েবডেস্ক: গোড়ালিতে মারাত্মক চোট। পুরোদস্তুর সেরে উঠতে ছয় সপ্তাহ সময় লাগবে পাক তারকার।
কেপ টাউন টেস্টের প্রথম দিনেই বোঝা গিয়েছিল সাইম আয়ুবের চোট গুরুতর। সেটাই সত্যি প্রমাণিত হল।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি টেস্টে খেলতে পারবেন না তিনি। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও তাঁকে পাওয়া যাবে না। ফেব্রুয়ারির গোড়ায় দক্ষিণ আফ্রিকা ও নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজ থেকেও ছিটকে গেলেন সাইম আয়ুব।
৬ সপ্তাহ পরেই কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির বল গড়াবে। সেই টুর্নামেন্টে সাইম আয়ুবকে পাওয়া যাবে কিনা সন্দেহ।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টেস্টের প্রথমদিন চোট পান পাক তারকা। রায়ান রিকেলটনের ব্যাটের কানায় লেগে বাউন্ডারির দিকে ছোটা বল থামাতে গিয়েই বিপত্তি ঘটে।
দৌড়তে দৌড়তে হঠাৎই থামতে গিয়ে শরীরের ভারসাম্য হারিয়ে ফেলেন সাইম। পড়ে গিয়ে গোড়ালি মচকে যায়। যন্ত্রণাবিদ্ধ সাইমের অবস্থা পর্যবেক্ষণ করা হয়। মাঠের বাইরে তাঁকে নিয়ে আসেন ফিজিও। সেখানেই চলে চিকিৎসা। তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
এমআরআই স্ক্যানে ধরা পড়ে পাক তারকার ডান পায়ের গোড়ালিতে চিড় ধরেছে। তার ফলে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও হয়তো ছিটকে যেতে হবে তাঁকে।
















