আজকাল ওয়েবডেস্ক: রেকর্ড ভাঙা অভ্যাসে পরিণত করে ফেলেছেন নোমান আলি। ৩৪ বছরে অভিষেকের পর থেকে একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন। টেস্ট ক্রিকেটে দ্বিতীয় বয়স্ক ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিক করেন নোমান। মঙ্গলবার আরও একটি রেকর্ড করলেন। বিশ্বের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে ১০০ উইকেটের মাইলস্টোন ছুঁলেন পাকিস্তানের স্পিনার। ৩৯ বছর ২১৭ দিনে এই নজির গড়েন নোমান। বাংলাদেশের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজকে আউট করা মাত্র এই রেকর্ড করেন। এর আগে এই রেকর্ড ছিল ইংলিশ স্পিনার ববি পিলের। ৩৯ বছর ১৮০ দিনে এই নজির গড়েছিলেন। কিন্তু সেটাকে ছাপিয়ে গেলেন পাক স্পিনার।
পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের আরও একটি উল্লেখযোগ্য জয়। নাহিদ রানার ম্যাচ জেতানো স্পেলে মঙ্গলবার মিরপুরে ১০৪ রানে জেতে বাংলাদেশ। ২০২৪ সালের আগে টেস্টে কোনওদিন পাকিস্তানকে হারায়নি বাংলাদেশ। কিন্তু পরপর তিনবার জয় পেল ওপার বাংলার দল। ৪০ রানে ৫ উইকেট নেন রানা। ২৬৮ রান তাড়া করতে নেমে পঞ্চম দিন ১৬৩ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ফাইনাল সেশনে পাকিস্তানের ১৫২ রান প্রয়োজন ছিল। হাতে ছিল ৭ উইকেট। হার, জয় এবং ড্র, তিনটে রেজাল্টই সম্ভব ছিল। চাপের মুখে লড়াই করেন আব্দুল্লাহ ফাজাল। ৬৬ রান করেন। চতুর্থ উইকেটে সলমন আলি আঘার সঙ্গে ৪৮ রানের পার্টনারশিপ গড়েন। এই জুটির জন্য কঠিন পিচে আশা ছিল পাকিস্তানের। উইকেটে অসমান বাউন্সের পাশাপাশি টার্নও ছিল। একটা সময় মনে হচ্ছিল, খেলা ড্র হয়ে যাবে। কিন্তু চায়ের বিরতির পর গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেয় বাংলাদেশ। সেট দুই ব্যাটার ফিরে যাওয়ার পর বিপাকে পড়ে যায় পাকিস্তান। এই জায়গা থেকে আর ম্যাচে ফিরতে পারেনি পাকিস্তান।















