আজকাল ওয়েবডেস্ক: দল থেকে ছেঁটে ফেলা হয়েছে বাবর আজমকে। পাকিস্তান কোচ জেসন জিলেসপি মনে করছেন, বাবর আজম খুব শীঘ্রই সব ফরম্যাটে ফর্মে ফিরবেন। 

বাবর আজম দল থেকে বাদ যাওয়ার পরে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা বলেছিলেন, এতে ক্ষতি হবে পাক ক্রিকেটেরই। কারণ বাবর আজমই বিশ্বের ক্রিকেট মঞ্চে পাক ক্রিকেটকে বিক্রি করেন। 

বাবরের ফর্মে ফেরা প্রসঙ্গে প্রাক্তন অজি ক্রিকেটার বলেছেন, ''বাবর আজম কবে দলে ফিরবে, তা আমার পক্ষে বলা সম্ভব নয়। এটা নির্বাচকদের বিষয়। বাবর নিঃসন্দেহে দারুণ প্লেয়ার। বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার বাবর। তবে এটা সত্যি খারাপ ফর্মের মধ্যে দিয়ে বাবরকে যেতে হয়েছে। তবে বিশ্বের সব গ্রেট প্লেয়ারদেরই খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়।'' 

বাবরকে বাদ দিয়ে দ্বিতীয় টেস্টে নামে পাকিস্তান। সেই টেস্টে ইংল্যান্ডকে হারান শান মাসুদরা। জিলেসপি মনে করেন বাবর আজম রানে ফিরবেন। প্রাক্তন অজি বোলার বলছেন, ''আমি অত্যন্ত আত্মবিশ্বাসী। আগামীদিনে বাবর সব ফরম্যাটেই পাকিস্তানের হয়ে প্রচুর রান করবে।'' 

বাবর আজমের পরিবর্ত হিসেবে দ্বিতীয় টেস্টে খেলেন কামরান ঘুলাম। তাঁর সেঞ্চুরির সৌজন্যে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়ে আনে পাকিস্তান।