আজকাল ওয়েবডেস্ক: সেপ্টেম্বর-অক্টোবরে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০২৬ এশিয়ান গেমসকে সামনে রেখে শক্তিশালী টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে পাকিস্তান।
এর আগে পূর্ণশক্তির দল নিয়ে টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা জানিয়েছিল ভারত। ফলে এশিয়ান গেমসে আবারও ভারত-পাকিস্তান হাইভোল্টেজ লড়াই দেখার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে।
শ্রেয়স আইয়ারের নেতৃত্বে ভারতের দলে জায়গা পেয়েছেন ১৫ বছরের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। অন্যদিকে পাকিস্তানের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে ওপেনার সাহিবজাদা ফারহানকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক ফারহান প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়কত্ব করতে চলেছেন।
পাকিস্তানের টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক সলমন আলি আঘাকে এশিয়ান গেমসের দল থেকে বাদ দেওয়া হয়েছে।
ভারতের সূর্যকুমার যাদব যেমন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দল থেকে ছিটকে গিয়েছেন, তেমনই পাকিস্তানও নেতৃত্বে পরিবর্তনের পথে হেঁটেছে। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন আবদুল সামাদ।
দলে রয়েছেন উইকেটকিপার উসমান খান, যিনি চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্স করেন। তবে পাকিস্তানের একাধিক তারকা ক্রিকেটারকে এশিয়ান গেমসের দলে দেখা যাবে না। বাদ পড়েছেন বাবর আজম, শাহিন আফ্রিদি এবং শাদাব খানের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।
সাহিবজাদা ফারহান অতীতে ভারতকে ঘিরে বিতর্কের কেন্দ্রেও ছিলেন। পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার পর ভারতের উদ্দেশে করা তাঁর তথাকথিত ‘গান সেলিব্রেশন’ ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল।
এছাড়া এশিয়া কাপ ২০২৫-এ জশপ্রীত বুমরাহকে মারা ছক্কা নিয়ে তৈরি একটি তথ্যচিত্র নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল।
সাম্প্রতিক অতীতে ভারত-পাকিস্তান দ্বৈরথে অবশ্য ভারতেরই দাপট দেখা গিয়েছে। ২০২৫ সালের এশিয়া কাপে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত তিনবার পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছিল। চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপেও কলম্বোয় পাকিস্তানকে পরাজিত করেছিল ভারত।
উল্লেখ্য, এশিয়ান গেমসে ক্রিকেট এর আগে ২০১০, ২০১৪ এবং ২০২২ সালে অন্তর্ভুক্ত হয়েছিল। ২০২২ সংস্করণে পাকিস্তান চতুর্থ স্থান অর্জন করেছিল। এবার শক্তিশালী দল নিয়ে তারা পদকের লক্ষ্যে নামতে চলেছে, আর সেই সঙ্গে ভারত-পাকিস্তান মহারণ ঘিরে উত্তেজনাও তুঙ্গে।
ঘোষিত পাকিস্তান দল-সাহিবজাদা ফারহান (অধিনায়ক), আবদুল সামাদ (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, আকিফ জাভেদ, আলি রাজা, আরাফাত মিনহাস, হায়দর আলি, হাসান নওয়াজ, মাজ সাদাকত, মহম্মদ সলমন মির্জা, সাদ মাসুদ, সাইম আইয়ুব, সুফিয়ান মোকিম এবং উসমান খান (উইকেটকিপার)।















