আজকাল ওয়েবডেস্ক: আপাতদৃষ্টিতে দেখলে মনে হবে চলতি ইন্ডিয়ান সুপার লিগের একটা সাধারণ ম্যাচ। শনিবার ৯০ মিনিটের খেলার পর ম্যাচ রিপোর্টেও বিশেষ কিছু লেখার নেই। যা ঘটনা ঘটল তা পুরোটাই গ্যালারিতে আর স্টেডিয়ামের বাইরে। নিশ্চিত তিন পয়েন্ট মাঠে ফেলে এল ইস্টবেঙ্গল। আর তার ফলে যা হওয়ার তাই হল, যে মুহূর্তে ইস্টবেঙ্গল গোল হজম করল, তারপর থেকেই স্টেডিয়াম জুড়ে শুরু হল 'গো ব্যাক অস্কার' স্লোগান।
শুধু কি প্রতিবাদের ঝড় বইল যুবভারতী ক্রীড়াঙ্গনে! সোশ্যাল মিডিয়ায় কোচ অস্কার ব্রজোঁর বিরুদ্ধে তোপ দাগলেন লাল-হলুদের প্রাক্তন ফুটবলার ডগলাস দ্য সিলভা। প্রাক্তন দলের এই বিপর্যয় দেখে তিনি আর স্থির থাকতে পারেননি। ইস্টবেঙ্গল কোচের নাম না নিয়ে ডগলাস ফেসবুকে কার্যত অস্কারকেই তোপ জাগলেন। ব্রাজিলীয় প্রাক্তন লিখেছেন, ''কেউ ন্যানো গাড়ি চালাতে পারে, তাঁর হাতে ফেরারি তুলে দিলে কি সেই গাড়ি সে চালাতে পারবে? আপনারা কী বলেন? পারবে? আমি কিন্তু গাড়ির কথা বলছি না।''
ডগলাসের নিশানায় অস্কার। আইএসএলের পয়েন্ট তালিকায় ইস্টবেঙ্গল এখন তিন নম্বরে। কিন্তু পয়েন্ট খুইয়ে লাল-হলুদ অনেকটাই পিছিয়ে পড়েছে। পেনাল্টি থেকে গোল করে ইস্টবেঙ্গল এগিয়ে যাওয়ার পরেও সেই ম্যাচ জিততে পারেনি লাল-হলুদ। হতাশ সমর্থকরা পরে ক্লাবের শীর্ষকর্তা নীতু সরকারের কাছে জানতে চান, কেন বারংবার এই বিপর্যয় হচ্ছে। নীতু সরকার জানান, অস্কারকে সরানোর ক্ষমতা তাঁদের হাতে নেই। হতাশ সমর্থকরা মনে করছেন, কেরল কার্যত লিগ জেতার দৌড় থেকে ইস্টবেঙ্গলকে ছিটকে দিল। ম্যাচের শেষে সাংবাদিক বৈঠকে অস্কার অবশ্য বলেন, ''আমরা তিন নম্বরে আছি। গোটা ম্যাচটাও আমরাই ভাল খেলেছি। সামনের ম্যাচে আমরা আবার জয়ে ফিরব, সম্পূর্ণ বিশ্বাস আছে ফুটবলারদের ওপর।''
অস্কারকে আত্মবিশ্বাসী শোনায়। কিন্তু মাঠে নেমে ইস্টবেঙ্গল কিন্তু চেনা ছন্দে ধরা দিচ্ছে না। যেটা সমর্থকদের আশঙ্কিত করছে। আরও হতাশ করে তুলছে।
