আজকাল ওয়েবডেস্ক: মাত্র ১৩ বছর বয়সে আইপিএলের নিলামে ইতিহাস গড়েছিলেন বৈভব সূর্যবংশী। ১.১ কোটি টাকায় তাঁকে দলে নিয়েছিল রাজস্থান রয়্যালস। আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সি ক্রিকেটার হিসেবে চুক্তিবদ্ধ হওয়ার নজির গড়েছিলেন তিনি। তবে এই আর্থিক অঙ্কে বিক্রি হলেও পুরোদস্তুর সন্তুষ্ট ছিলেন না বৈভব।

সম্প্রতি রাজস্থান রয়্যালসের প্রকাশ করা একটি ভিডিওতে কিশোর ব্যাটার জানিয়েছেন, নিলামে তাঁকে নিয়ে মাত্র দু'টি ফ্র্যাঞ্চাইজি লড়াই করায় কিছুটা হতাশ হয়েছিলেন তিনি। বৈভবের কথায়, ''আমি ভেবেছিলাম, আমার জন্য মাত্র দু'টি দল বিড করল কেন? আমি ভাল খেলেছি, ট্রায়ালেও ভাল পারফর্ম করেছি। আরও কয়েকটি দলের আগ্রহ দেখানো উচিত ছিল।''

তবে সময়ের সঙ্গে বৈভবের সেই আক্ষেপ উধাও হয়ে গিয়েছে। বৈভব মনে করেন, রাজস্থান রয়্যালসে যোগ দেওয়াটা তাঁর ক্রিকেটজীবনের অন্যতম সেরা ঘটনা।

তাঁর কথায়, ''গত দেড় বছরে অন্তত হাজারবার ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছি আমাকে রাজস্থান রয়্যালসের মতো দলে নিয়ে আসার জন্য। এখানে কোচ, সাপোর্ট স্টাফ, ক্রিকেটার, ম্যানেজমেন্ট, মিডিয়া টিম, ফিজিও, ট্রেনার—সকলেই পরিবারের সদস্যের মতো। এমন পরিবেশে নিজের কথা খোলামেলা বলতে কোনও দ্বিধা থাকে না।''

সেই সঙ্গে দলের সিনিয়র ক্রিকেটারদের ভূয়সী প্রশংসাও করেন বৈভব। তিনি জানান, অভিজ্ঞ ক্রিকেটারদের কাছ থেকে প্রতিনিয়ত নতুন নতুন বিষয় শেখার সুযোগ পাচ্ছেন, যা তাঁর উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মাত্র ১৪ বছর বয়সে আইপিএলে অভিষেক হয়েছিল বৈভবের। প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে নজর কেড়েছিলেন তিনি। এরপর তৃতীয় ম্যাচে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে আলোড়ন ফেলে দেন ক্রিকেটমহলে।

২০২৬ সালের আইপিএলে আরও বিধ্বংসী বৈভবকে দেখা গিয়েছে। ১৬ ম্যাচে ৭৭৬ রান করেন তিনি, স্ট্রাইক রেট ছিল অবিশ্বাস্য। দুরন্ত পারফরম্যান্সের সুবাদে জিতেছেন অরেঞ্জ ক্যাপ এবং মরসুমের 'মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার' পুরস্কারও। ক্রিকেটবিশ্বের নতুন সেনসেশন হিসেবে ইতিমধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বৈভব সূর্যবংশী।