আজকাল ওয়েবডেস্ক: ফরাসি ওপেন শুরুর মাত্র কয়েকদিন আগে নিজের নতুন হেড কোচ হিসেবে দীর্ঘদিনের বন্ধু ও স্বদেশি ভিক্টর ট্রইকিকে নিয়োগ করলেন নোভাক জকোভিচ। 

বুধবার ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সার্বিয়ান টেনিস তারকা। এর ফলে ২০২৫ সালের মে মাসে অ্যান্ডি মারের সঙ্গে বিচ্ছেদের পর প্রায় এক বছর কোচবিহীন থাকার অধ্যায়ের ইতি ঘটল।

রোলাঁ গারোতে অনুশীলনের একটি ছবি পোস্ট করে জকোভিচ লেখেন,''স্বাগত আমার বন্ধু, সতীর্থ এবং এখন কোচ ভিক্টর ট্রইকি।''

২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী জকোভিচ গুরুত্বপূর্ণ সময়ে কোচ নিয়োগ করলেন। শুক্রবার ৩৯ বছরে পা দিতে চলেছেন সার্বিয়ান কিংবদন্তি। ইতিহাসের সর্বোচ্চ ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জিতে মার্গারেট কোর্টকে ছাপিয়ে যেতে চান তিনি। তবে ২০২৬ মরশুমটা তাঁর জন্য সহজ ছিল না।

জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পৌঁছলেও সেখানে কার্লোস আলকারাজের কাছে হেরে যান জকোভিচ। এরপর কাঁধের চোটে ভোগায় তার পুরো মরশুম নষ্ট হয়। বিশেষ করে ক্লে কোর্টে প্রস্তুতির সুযোগও সীমিত ছিল। ফলে ট্রইকির সামনে এখন বড় চ্যালেঞ্জ হল দ্রুত তাঁকে ফিট করে আত্মবিশ্বাস ফিরিয়ে আনা। 

৪০ বছর বয়সী ভিক্টর ট্রইকি সার্বিয়ান টেনিসের পরিচিত মুখ। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ১২ নম্বরে থাকা এই তারকা খেলোয়াড়ি জীবনে তাঁর লড়াকু মানসিকতার জন্য পরিচিত ছিলেন। অবসরের পর সফলভাবেই কোচিংয়ে যোগ দেন এবং সার্বিয়ার ডেভিস কাপ দলের অধিনায়কের দায়িত্ব নেন।

যদিও এবারই আনুষ্ঠানিকভাবে জকোভিচের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন ট্রইকি, তবে দু'জনের সম্পর্ক বহুদিনের। খেলোয়াড় হিসেবে একসঙ্গে সার্বিয়াকে ২০১০ সালে প্রথম ডেভিস কাপ খেতাব এনে দিয়েছিলেন তারা। এছাড়া ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে জকোভিচের কোচিং টিমেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ট্রইকি। সেই আসরেই জকোভিচ জয় করেন বহুল প্রতীক্ষিত অলিম্পিকে সোনার পদক। 

বিশেষজ্ঞদের মতে, অ্যান্ডি মারের সঙ্গে কৌশলভিত্তিক সম্পর্কের পর এবার জকোভিচ এমন একজনকে বেছে নিলেন, যাঁর সঙ্গে তাঁর বোঝাপড়া ও বিশ্বাস দীর্ঘদিনের। 

রবিবার শুরু হচ্ছে ফরাসি ওপেন। এখন টেনিস বিশ্ব তাকিয়ে আছে, ট্রইকির উপস্থিতিতে জকোভিচ আবারও নতুন ইতিহাস গড়তে পারেন কিনা।