আজকাল ওয়েবডেস্ক: এগিয়ে এসেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেট পণ্ডিতরা ভবিষ্যদ্বাণী   করছেন কোন চার দল বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছবে। 

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন চার সেমিফাইনালিস্টের নাম ঘোষণা করেছেন। এই চার দলের মধ্যে কারা রয়েছে? 

মাইকেল ভন সোশ্যাল মিডিয়ায় শেষ চারটি দলের নাম ঘোষণা করেছেন। ভনের চারটি দলে জায়গা পায়নি দক্ষিণ আফ্রিকা। 
 প্রোটিয়া ব্রিগেড গত বারের টুর্নামেন্টে শেষ চারে পৌঁছেছিল। 

ভন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ''আমার সেমিফাইনালের চারটি দল ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া।'' 

তবে বিশ্বকাপের বল গড়ানোর  আগেই বিতর্কের ঝড় উঠেছে। কখনও বাংলাদেশকে নিয়ে। সেই বিতর্কের ঢেউ বন্ধ হতে না হতেই পাকিস্তানকে নিয়ে শুরু হয়ে গিয়েছে বিতর্কের ঢেউ। সেই বিতর্ক কীভাবে কমবে জানা নেই। পাকিস্তানকে চারটি সেমিফাইনালিস্ট দলের মধ্যে রাখেননি প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক। 

১৫ ফেব্রুয়ারি ভারত-পাক ম্যাচ। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় ঘোষণা করে দেয় পাকিস্তান সরকার। 

এক নজিরবিহীন সিদ্ধান্তে পাকিস্তান সরকার রবিবার ঘোষণা করেছে, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে পাকিস্তান ক্রিকেট দল। 

কিন্তু গ্রুপ পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে নির্ধারিত ম্যাচটি বয়কট করা হবে। 

বাংলাদেশের নিরাপত্তাজনিত উদ্বেগের পর আইসিসি টুর্নামেন্ট থেকে বাংলাদেশকে সরিয়ে দেওয়ায় তারই প্রতিবাদ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয় পাকিস্তানের তরফে। 

পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে জানিয়েছে, ''পাকিস্তান ইসলামিক প্রজাতন্ত্রের সরকার আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে অনুমোদন দিচ্ছে।'' তবে একই পোস্টে স্পষ্ট করে বলা হয়, ''আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না।''  

ভারত-পাকিস্তান ম্যাচ প্রসঙ্গে ইনস্টাগ্রামে মঞ্জরেকর বলেন, ''ভারত-পাকিস্তান ম্যাচ যদি না হয়, তাহলে বড় কথা নয়।  আসল খেলাটি ম্যাচের আগে যে প্রচার, নাটকীয়তা তৈরি করেছে, তার সঙ্গে এখন আর খাপ খায় না।  আর এর কারণ খুবই স্পষ্ট। ভারত এবং পাকিস্তান আর একই লিগে নেই। আগে, নব্বইয়ের দশকে এবং তার আগে, এটা খুবই চ্যালেঞ্জিং ছিল। কারণ সেই সময়ে পাকিস্তান খুবই শক্তিশালী দল ছিল। কিন্তু এখন আর পাকিস্তান শক্তিশালী নয়। এখন ভারত নিয়মিত পাকিস্তানকে হারাচ্ছে। এটা দেখে মনে হয় ভারত দুর্বল দলগুলিকে হারিয়ে দিচ্ছে। পাকিস্তানকে আগে হারিয়ে ভাল লাগত।''