আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ খেলতে লন্ডন পৌঁছল টিম ইন্ডিয়া। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছে বোর্ড। তার ক্যাপশনে লেখা আছে, 'টাচডাউন ইউকে। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য পৌঁছে গিয়েছে ভারতীয় দল।' হাসিমুখে দেখা যায় শুভমন গিল, যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, ঋষভ পন্থ, প্রসিদ্ধ কৃষ্ণদের। ইংলিশ কন্ডিশনে লম্বা সফরের জন্য চার্জড আপ দেখায় ভারতের জুনিয়র ব্রিগেডকে। একজন সাংবাদিকের ইউ টিউব চ্যানেলের ভিডিওতে জানানো হয়, টিম ইন্ডিয়াকে স্বাগত জানানোর জন্য বিমানবন্দরে সমর্থক এবং সংবাদমাধ্যম ছিল না। যা খুবই অবাক করার মতো বিষয়। সাধারণত ভারতীয় দল বিশ্বের যে প্রান্তেই যাক না কেন, ফ্যানের অভাব হয় না। জামাই আদরে ভারতীয় ক্রিকেটারদের বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত নিয়ে যাওয়া হয়। কিন্তু বিরাট কোহলি, রোহিত শর্মার অনুপস্থিতিতে পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে। দলে মূলত তরুণ ক্রিকেটারদের ভিড়। তাঁদের দেখার জন্য বিমানবন্দরে জমায়েত হয়নি সমর্থকরা। 

দেশ ছাড়ার আগে রোহিত এবং বিরাটকে ছাড়া খেলার চ্যালেঞ্জের কথা স্বীকার করে নেন শুভমন গিল। তবে মানিয়ে নেওয়ায় বিষয়েও আশাবাদী লাল বলের ক্রিকেটে ভারতের নতুন অধিনায়ক। গিল বলেন, 'প্রত্যেক সফর এবং ম্যাচের আগে চাপ থাকে। তবে কোনও বাড়তি চাপ নেই। রোহিত এবং বিরাট অভিজ্ঞ ক্রিকেটার। ওদের শূন্যস্থান পূরণ করা কঠিন। তবে দল হিসেবে আমাদের অভিজ্ঞতা আছে। আমরা অনেক ম্যাচ খেলেছি। সবাই চাপ নিতে অভ্যস্ত। আমরা অনভিজ্ঞ নয়। ব্যাটিং এবং বোলিং কম্বিনেশন ভাল।' অতীতে ওপেন করেছেন গিল। তিন নম্বরেও ব্যাট করেছেন। কিন্তু ইংল্যান্ড সফরে কোন পজিশনে খেলবেন সেটা এখনও ঠিক হয়নি।