আজকাল ওয়েবডেস্ক:‌ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত। বিসিসিআইয়ের তরফে তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। তারপর পাক ক্রিকেট বোর্ডও হুমকি দিয়েছিল, ক্রীড়া আদালতে যেতে চান তারা। কিন্তু এবার পিসিবি সুর কিছুটা নরম করল।


প্রসঙ্গত, ২০০৮ এশিয়া কাপের পর ভারত আর পাকিস্তানে খেলতে যায়নি। পিসিবি স্বীকারও করে নিয়েছে, আইসিসি ইমেল করে জানিয়ে দিয়েছে ভারত যাচ্ছে না পাকিস্তানে খেলতে।
ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া বলেছেন, ভারত যদি সত্যিই পাকিস্তানে না যায়, তাহলে এই টুর্নামেন্ট করার কোনও দরকারই নেই। তাঁর কথায়, ‘‌এটা আইসিসি ইভেন্ট। সম্প্রচারকারী সংস্থা প্রস্তুত। কিন্তু ভারত যদি খেলতেই না যায়, তাহলে ইনভেস্টররাও হতাশ হয়ে পড়বে। ভারত না খেললে আইসিসির ব্যবসাই হবে না।’‌ এরপরই তাঁর সংযোজন, ‘‌এর আগে ২০২৩ বিশ্বকাপের আগে পিসিবি বলেছিল শত্রু দেশে খেলতে যাচ্ছি। ভবিষ্যতে পাকিস্তান যদি আর ভারতে খেলতে না আসে, তাহলেও একই সমস্যা হবে। টুর্নামেন্টের উত্তেজনাই থাকবে না। কিন্তু বিসিসিআইয়ের মতো টাকা তো পিসিবির নেই। তাই ভারত না খেললে এই চ্যাম্পিয়ন্স ট্রফির কোনও গুরুত্বই থাকবে না।’‌ 


যদিও ভারতের সিদ্ধান্তের পর পিসিবি প্রধান মহসিন নকভি সরকারের সঙ্গে কথাবার্তা শুরু করেছেন। শেষ চেষ্টা করা হচ্ছে। এখন দেখার ভারত আদৌ পাকিস্তানে খেলতে যায় কিনা।