আজকাল ওয়েবডেস্ক: শেষ আড়াই বছর ধরে চোটের কারণে ব্রাজিল জাতীয় দলের বাইরে নেইমার। 

একসময় মনে হচ্ছিল, ২০২৬ বিশ্বকাপে তাঁর খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। 

তবে পরিস্থিতি আচমকাই বদলাতে শুরু করেছে। একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নতুন করে বিশ্বকাপ দলে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে নেইমারের সামনে।
ব্রাজিল দল চোট সমস্যায় জর্জরিত। রদ্রিগো আগেই ছিটকে গিয়েছেন। এরপর চেলসির তরুণ উইঙ্গার এস্তেভাও উইলিয়ান গুরুতর হ্যামস্ট্রিং চোটের কবলে পড়েছেন। 

‘ছোট মেসি’ নামে খ্যাত এই ১৮ বছর বয়সী ফুটবলার গত এক বছরে ব্রাজিলের আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং কোচ কার্লো আনচেলোত্তির অধীনে পাঁচটি গোলও করেছেন।

এস্তেভাওর অনুপস্থিতিতে দল গঠনে নতুন করে ভাবতে হচ্ছে আনচেলোত্তিকে। রাফিনিয়া ডান প্রান্তে, ভিনিসিয়াস জুনিয়র বাঁ দিকে এবং জোয়াও পেদ্রোকে সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলানোর পরিকল্পনা থাকতে পারে আনচেলোত্তির। এছাড়া  লুইজ হেনরিকে কিম্বা বোর্নমাউথের রায়ানও বিকল্প হিসেবে আলোচনায় রয়েছেন।
এই প্রেক্ষাপটে আবার সামনে চলে এসেছে নেইমারের নাম। বয়স, চোট এবং অনিয়মিত পারফরম্যান্স সত্ত্বেও তাঁকে দলে ফেরানোর দাবি জোরালো হচ্ছে। সাম্প্রতিক কালের সমীক্ষায় দেখা দিয়েছে প্রায় অর্ধেক ব্রাজিলিয়ান সমর্থক তাঁকে জাতীয় দলে দেখতে চান। এমনকি ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভাও আনচেলোত্তির সঙ্গে বৈঠকে নেইমারের প্রসঙ্গ তুলেছেন বলে জানা গিয়েছে।
আর্সেনালের ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস বলেছেন, ''নেইমার নিঃসন্দেহে আমাদের সবচেয়ে দক্ষ খেলোয়াড়। এক মুহূর্তেই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে।''
তবে প্রাক্তন অধিনায়ক কাফু মনে করেন, দলে ফিরতে হলে নিয়মিত ম্যাচ খেলার ধারাবাহিকতা জরুরি। একই সুরে কথা বলেছেন ব্রাজিলের কিংবদন্তি জিকোও। তাঁর মতে, নেইমার কতটা ফিট ৭০ না ৫০ শতাংশ, তা বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কোচ।
আনচেলোত্তি নিজেও বিষয়টি পরিষ্কার করেছেন। ফরাসি এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, ''আমি শুধুমাত্র শারীরিকভাবে প্রস্তুত খেলোয়াড়দেরই দলে নেব।''
সম্প্রতি নেইমার ১১ দিনের মধ্যে চারটি ম্যাচে পুরোদস্তুর ৯০ মিনিট খেলেছেন। আগামী ১৮ মে বিশ্বকাপ দল ঘোষণার আগে তাঁর সামনে আরও কয়েকটি ম্যাচ খেলার সুযোগ রয়েছে।
এক সময়ে যে দরজা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, এস্তেভাওর চোটের পর সেটি আবার খানিকটা খুলেছে। এখন প্রশ্ন একটাই, নিজের পারফরম্যান্স দিয়ে সেই দরজা পুরোপুরি খুলতে পারবেন কি না নেইমার।