আজকাল ওয়েবডেস্ক: ব্রাজিলের কোচ কার্লো অ্যানচেলোত্তি আসন্ন ফিফা বিশ্বকাপের আগে নেইমারের ফিটনেস ফিরে পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। অক্টোবর ২০২৩ থেকে চোটের কারণে মাঠের বাইরে থাকা সত্ত্বেও, নেইমারকে এখনো ব্রাজিল ফুটবল কনফেডারেশন এবং কোচিং স্টাফ পর্যবেক্ষণে রাখছে। 

''নেইমার ১০০ শতাংশ ফিট হয়ে ফিরতে সক্ষম'', একটি সংবাদ মাধ্যমকে বলেন অ্যানচেলোত্তি। তিনি আরও বলেন, ''নেইমারের কাছে এখনও দু' মাস সময় আছে দেখানোর জন্য যে ও পরবর্তী বিশ্বকাপে খেলার মতো অবস্থায় রয়েছে।''

৩৪ বছর বয়সী নেইমার তাঁর চতুর্থ বিশ্বকাপে অংশ নেওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন। তিনি ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা (৭৯ গোল)। তবে অ্যানচেলোত্তি দায়িত্ব নেওয়ার পর থেকে তাঁকে কোনও দলে রাখা হয়নি। কোচ জোর দিয়ে বলেছেন, কেবল শারীরিকভাবে সম্পূর্ণ প্রস্তুত ফুটবলারদেরই দলে ডাকা হবে।

অ্যানচেলোত্তি বলছেন, ''আমি এটা অনেকবার বলেছি, এবং এটা খুব পরিষ্কার যে আমি কেবল শারীরিকভাবে প্রস্তুত খেলোয়াড়দেরই ডাকব।'' 

এর মধ্যেও ভক্তদের বড় সমর্থন পাচ্ছেন নেইমার। সম্প্রতি ফ্রান্সের কাছে ব্রাজিল ২–১ ব্যবধানে হার মানে। সেই সময়ে দর্শকরা তাঁর নাম ধরে স্লোগান দেন।

নেইমার প্রসঙ্গে অ্যানচেলোত্তি বলছেন, ''ও একজন অসাধারণ প্রতিভা। মানুষ মনে করে আমাদের পরবর্তী বিশ্বকাপ জিততে সাহায্য করতে পারে নেইমার।''