আজকাল ওয়েবডেস্ক: আসন্ন প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলের দলে জায়গা না পেয়ে হতাশা প্রকাশ করলেন তারকা ফুটবলার নেইমার। তবে একই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, ফিফা বিশ্বকাপে খেলার স্বপ্ন এখনও তাঁর কাছে অটুট রয়েছে।

সোমবার ব্রাজিলের কোচ কার্লো অ্যান্সেলত্তি মার্চ মাসের দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচের জন্য দল ঘোষণা করেন। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচগুলিতে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলবে ব্রাজিল।

তবে ঘোষিত দলে জায়গা পাননি ৩৪ বছর বয়সি এই তারকা ফরোয়ার্ড। দলে না থাকার বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে নেইমার বলেন, ‘এই বিষয়টা একেবারই এড়িয়ে যাওয়া যায় না। আমাকে দলে না নেওয়ায় আমি হতাশ এবং কষ্টও পেয়েছি মিথ্যে বলব না।’

তবে নেইমার জানান, নিজের ফিটনেস ও পারফরম্যান্স আরও উন্নত করার জন্য তিনি নিয়মিত অনুশীলনে মন দিচ্ছেন। নেইমারের কথায়, ‘প্রতিদিনের অনুশীলন, প্রতিটি ম্যাচ, সবকিছুতেই আমার লক্ষ্য একই। এখনও বিশ্বকাপের আগে একটি চূড়ান্ত দল ঘোষণা বাকি আছে। আমার স্বপ্ন এখনও জীবিত রয়েছে। আমরা একসঙ্গেই সেই লক্ষ্য পূরণ করব।’

ব্রাজিল আগামী ২৬ মার্চ বস্টনে ফ্রান্সের মুখোমুখি হবে এবং ৩১ মার্চ অরল্যান্ডোতে খেলবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে এই ম্যাচগুলোকেই ফুটবলারদের নিজেদের প্রমাণ করার শেষ সুযোগ হিসেবে ধরা হচ্ছে।

মার্চে দুটি ফিফা ফ্রেন্ডলির জন্য ঘোষিত ব্রাজিল দলে আক্রমণ বিভাগে রয়েছেন ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিহা, জোয়াও পেদ্রো এবং ম্যাথিউস কুনহা। এছাড়া তরুণ প্রতিভা এন্ড্রিকও ডাক পেয়েছেন।

ব্রাজিল কোচ কার্লো অ্যান্সেলত্তি স্পষ্ট করে জানিয়েছেন, নেইমারকে দলে না নেওয়ার কারণ শুধুমাত্র তাঁর ফিটনেস সমস্যা। অ্যান্সেলত্তি বলেন, ‘নেইমার এখনও ১০০% ফিট নয়, তাই তাকে দলে রাখা হয়নি।’

তিনি আরও বলেন, ‘নেইমারের খেলার দক্ষতা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে সর্বোচ্চ পর্যায়ে খেলতে হলে তাঁকে শারীরিকভাবে পুরোপুরি ফিট থাকতে হবে।’

তবে বিশ্বকাপের দলে নেইমারের সুযোগ এখনও শেষ হয়ে যায়নি বলেও ইঙ্গিত দিয়েছেন ব্রাজিল কোচ। তাঁর কথায়, ‘নেইমার বিশ্বকাপে থাকতে পারে। ওঁকে শুধু পরিশ্রম চালিয়ে যেতে হবে, নিয়মিত খেলতে হবে এবং নিজের ফিটনেস ধরে রাখতে হবে।’

আগামী ১৮ মে ফুটবল বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করবে ব্রাজিল। তার আগে আগামী দু’মাস নেইমারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

স্যান্টোসের হয়ে নিয়মিত খেলতে পারলে এবং চোট এড়িয়ে ১০০% ফিট থাকতে পারলে নেইমার জুনিয়রের জাতীয় দলে ফেরার সম্ভাবনা এখনও উজ্জ্বল বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।