আজকাল ওয়েবডেস্ক: লিওনেল মেসি মনে করেন, নেইমারের মতো একজন তারকা ফুটবলারের বিশ্বকাপে থাকা শুধু ব্রাজিলের জন্য নয়, পুরো ফুটবল বিশ্বের জন্যই ইতিবাচক।
 
দীর্ঘদিনের সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধুকে বিশ্বফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে উল্লেখ করে মেসি বলেন, বিশ্বকাপ সবসময়ে সেরাদের মঞ্চ।  আর নেইমার সেই মানেরই ফুটবলার।

‘লো দেল পোলো শো’ পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, ''নেইমারের বর্তমান অবস্থা যেমনই হোক, ওকে বিশ্বকাপে দেখতে পারাটা দারুণ হবে। এমন একজন খেলোয়াড় ফুটবলের জন্যই স্পেশাল।'' 
তবে নেইমারকে নিয়ে নিরপেক্ষভাবে মন্তব্য করা তাঁর জন্য কঠিন বলেও জানান আর্জেন্টাইন অধিনায়ক। কারণ হিসেবে তিনি তুলে ধরেন তাঁদের দীর্ঘদিনের বন্ধুত্বের কথা। মেসির ভাষায়, ''মাঠের বাইরেও নেইমার অসাধারণ একজন মানুষ। ও সবসময়ে ভাল কিছুরই যোগ্য।''

দুজনের বন্ধুত্বের শুরু বার্সেলোনাতে একসঙ্গে খেলার সময়। পরে প্যারিস সাঁ জাঁতেও 
সতীর্থ ছিলেন তাঁরা। বার্সেলোনায় চার মরশুম এবং পিএসজিতে দুই মরশুম একসঙ্গে কাটান এই দুই তারকা ফুটবলার।

২০২৩ সালে পিএসজি ছাড়ার পর মেসি যোগ দেন ইন্টার মায়ামিতে। অন্যদিকে নেইমার নাম লেখান সৌদি আরবের ক্লাব আল হিলাল। তবে চোটের কারণে সৌদি অধ্যায়টা কঠিন হয়ে ওঠে তাঁর জন্য। 

পরে নেইমার ফিরে যান নিজের শৈশবের ক্লাব স্যান্টোসে। 

নেইমারের ব্যক্তিত্বেরও প্রশংসা করেন মেসি। তিনি বলেন, ''নেইমার খুব স্বাভাবিক ও প্রাণবন্ত একজন মানুষ। নিজের মতো করে জীবন উপভোগ করে এবং অন্যের সমালোচনা নিয়ে খুব বেশি ভাবে না।''

আগামী বিশ্বকাপে খেলার লক্ষ্য নিয়েই এগোচ্ছেন নেইমার। ব্রাজিলের কোচ কার্লো আনচেলোত্তি ইঙ্গিত দিয়েছেন, পুরোপুরি ফিট হয়ে ফিরতে পারলে জাতীয় দলে ফেরার সুযোগ রয়েছে তাঁর। 

২০২৩ সালের অক্টোবরে শেষবার ব্রাজিলের জার্সিতে খেলেছিলেন নেইমার। এরপর বড় ধরনের চোটের জন্য দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে।