আজকাল ওয়েবডেস্ক: ব্রাজিলিয়ান তারকা নেইমার ফের বিশ্বকাপে খেলতে পারেন। সেই সম্ভাবনা তৈরি হয়েছে। ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো অ্যানচেলোত্তি তাঁকে ৫৫ জনের প্রাথমিক স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছেন বলে জানা গিয়েছে। আগামী ১৮ মে চূড়ান্ত দল ঘোষণা করা হবে, যেখানে স্থান পেলেই নিশ্চিত হবে তাঁর বিশ্বকাপ যাত্রা।
এর আগে অ্যানচেলোত্তিস্পষ্টভাবে জানিয়েছিলেন, কেবলমাত্র শারীরিক দিক থেকে সম্পূর্ণ ফিট এবং প্রতিযোগিতামূলক ফর্মে থাকা খেলোয়াড়দেরই দলে বিবেচনা করা হবে।
সর্বশেষ প্রীতি ম্যাচের স্কোয়াডে ছিলেন না নেইমার, কারণ গুরুতর চোট কাটিয়ে তখনও তিনি পুরোপুরি ম্যাচ ফিটনেসে ফিরতে পারেননি।
তবে পরিস্থিতি এখন বদলে গিয়েছে। স্যান্টোসে ফিরে গিয়ে নেইমার আবারও নিজের পুরনো ছন্দ খুঁজে পেয়েছেন। চলতি মরশুমে ১২ ম্যাচে পাঁচ গোল ও তিন অ্যাসিস্ট করেছেন তিনি। তাঁর পারফরম্যান্সে স্যান্টোস লিগ টেবিলে উন্নতি করছে এবং কোপা সুদামেরিকানায়ও ভাল জায়গায় রয়েছে।
এই ফর্মেই তাঁকে আবারও জাতীয় দলে ফেরানোর পথে এগোচ্ছে ব্রাজিল টিম ম্যানেজমেন্ট। প্রাথমিক স্কোয়াডে নেইমারের অন্তর্ভুক্তি ইতিবাচক ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে।
দলের ভিতরেও নেইমারের সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে উৎসাহ রয়েছে। সতীর্থ রাফিনিয়া বলেছেন, নেইমারকে দলে পাওয়া সব সময়ই ইতিবাচক এবং তিনি চান, এই তারকা আবারও নেতৃত্বের ভূমিকায় ফিরুক।
এদিকে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি আগেও মন্তব্য করেছিলেন, বড় আন্তর্জাতিক প্রতিযোগিতায় নেইমারের উপস্থিতি ফুটবলকে আরও উপভোগ্য করে তোলে।
তবে এখনোও নিশ্চিত কিছু নয়। প্রাথমিক তালিকায় জায়গা পেলেও চূড়ান্ত স্কোয়াডে বাদ পড়ার ঝুঁকি রয়েছে। ফিটনেস ও ফর্ম ধরে রাখতে পারলেই তবেই বিশ্বকাপে খেলার সুযোগ মিলবে নেইমারের।
২০২৩ সালের ১৮ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে গুরুতর হাঁটুর চোট পান নেইমার। সেই চোটের কারণে প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন তিনি।
সব মিলিয়ে, এবারকার বিশ্বকাপ হতে পারে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার জন্য জাতীয় দলের জার্সিতে শেষ বড় আসরগুলোর একটি। আর সেই মঞ্চে ফেরার লড়াই এখন তাঁর হাতের মুঠোতেই।















