আজকাল ওয়েবডেস্ক: আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাদোনার মৃত্যু ঘিরে দীর্ঘদিনের বিতর্ক নতুন করে চর্চায় উঠে এসেছে। 

তাঁর প্রয়াণ কি নিছক সময়ের নির্মম নিয়মে, নাকি চিকিৎসাগত অবহেলার ফল? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আবার শুরু হয়েছে বিচার  প্রক্রিয়া।

২০২০ সালের নভেম্বরে হৃদরোগে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সে মারা যান মারাদোনা।  মস্তিষ্কে অস্ত্রোপচারের মাত্র দু'সপ্তাহ পর বুয়েনোস আইরেসের তিগ্রে এলাকার একটি নির্জন বাসভবনে তাঁর মৃত্যু হয়। 

শুরু থেকেই এই মৃত্য়ুকে মারাদোনার পরিবার স্বাভাবিক বলে মেনে নেয়নি।  তাঁদের অভিযোগ, তাঁর চিকিৎসায় নিয়োজিত মেডিক্যাল টিমের চরম অবহেলার কারণেই এই অকাল মৃত্যু। 

২০২৫ সালে মারাদোনার মৃত্য়ু সংক্রান্ত বিচার প্রক্রিয়া স্থগিত হয়ে যায় এক বছরের জন্য।

দীর্ঘ বিরতির পর সান ইসিদ্রোতে আবার শুরু হচ্ছে নতুন করে বিচার। এবার চিকিৎসক, মনোবিদ ও নার্স-সহ মোট সাতজন স্বাস্থ্যকর্মীকে আসামী করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ‘সম্ভাব্য উদ্দেশ্যপ্রণোদিত হত্যা’র অভিযোগ আনা হয়েছে। অর্থাৎ, তাঁদের কার্যকলাপে মারাদোনার মৃত্যু হতে পারে, এমন ঝুঁকি জেনেও তাঁরা যথাযথ ব্যবস্থা নেননি বলে অভিযোগ। দোষী সাব্যস্ত হলে তাঁদের ৮ থেকে ২৫ বছরের কারাদণ্ড হতে পারে।

এই পর্যায়ে প্রায় ১২০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পরিকল্পনা রয়েছে। আগামী জুলাই মাস পর্যন্ত চলতে পারে এই বহুল আলোচিত মামলার বিচার প্রক্রিয়া।