আজকাল ওয়েবডেস্ক: রোহিত শর্মা কি সিনেমায় নামছেন? মুম্বই ইন্ডিয়ান্সের তারকা ক্রিকেটারকে নিয়ে শুরু হয়ে গিয়েছে চর্চা।
প্রাক্তন ভারত অধিনায়ক হিটম্যান ইনস্টাগ্রাম স্টোরিতে একটি রহস্যজনক পোস্ট করেছেন। তাঁর এই পোস্ট ভক্তদের মধ্যে চাঞ্চল্য তৈরি করেছে।
খুব ভাল করে সেই পোস্ট খতিয়ে দেখলে অনেকেই মনে করতে পারেন, নেটফ্লিক্স এবং মুম্বই ইন্ডিয়ান্স মিলিত ভাবে কোনও কাজ করতে চলেছে। কভার পেজে নেটফ্লিক্স এবং মুম্বই-এর লোগোর পাশাপাশি ‘ড্রাফ্ট #৪৫’ লেখা একটি স্ক্রিপ্টের খসড়া দেখা গিয়েছে। যার তারিখ লেখা ৯ এপ্রিল, ২০২৬। টাইটেলের আংশিক অস্পষ্টতা ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। পোস্টটি দেখার পরে অনেকেই মনে করছেন রোহিত হয়তো চলচ্চিত্র বা ডকুমেন্টারিতে থাকবেন।

ভক্তরা ইতিমধ্যেই বিভিন্ন থিওরি নিয়ে আলোচনা শুরু করে দিয়েছেন। হয়তো এটি জীবনীমূলক বা পর্দার আড়ালের গল্প হতে পারে। মুম্বই এবং ভারতীয় ক্রিকেটে রোহিতের যাত্রা তুলে ধরা হবে। আপাতত, রোহিতের এই রহস্যময় ইঙ্গিত সবাইকে অপেক্ষায় রেখেছে। সময়ের সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু জানা যাবে।
মুম্বই ইন্ডিয়ান্স এবার ইতিহাসের চাকা ঘুরিয়ে দিয়ে আইপিএল অভিযান শুরু করেছে। প্রথম ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সকে মাটি ধরিয়েছে তারা। মুম্বই ইন্ডিয়ান্স এখন পয়েন্ট তালিকায় আট নম্বরে রয়েছে।















