আজকাল ওয়েবডেস্ক: রোহিতদের ঘরের মাঠে খেলতে পারবেন না বিরাটরা।
এখন চলছে টি–২০ বিশ্বকাপ। তার পর থাকবে দু’সপ্তাহের বিরতি। তারপরেই শুরু হয়ে যাবে আইপিএল। তবে এখনও ঠিক হয়নি কোন স্টেডিয়ামে খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মাঝে অবশ্য তাদের নতুন হোম ভেন্যু হিসাবে নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামের নাম শোনা গিয়েছিল। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্স রাজি না হওয়ায় সেখানে খেলা হচ্ছে না বিরাটদের।
এটা ঘটনা, পুণেকে প্রথমে হোম ম্যাচের ভেন্যু হিসেবে ভেবেছিল আরসিবি। কিন্তু ওই মাঠে এবার খেলবে রাজস্থান। সেকারণেই আরসিবি ছত্তিশগড় ও নবি মুম্বইয়ে খেলার কথা চিন্তাভাবনা করছিল। তবে রায়পুরের স্টেডিয়ামের সুযোগসুবিধা পছন্দ হয়নি আরসিবি কর্তাদের। এই স্টেডিয়ামে এখন আবার অবসরপ্রাপ্তদের লিগের খেলাও হচ্ছে। এরপরই আরসিবি চেয়েছিল ঘরের মাঠ হিসেবে নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়াম। কিন্তু সেখানে আইপিএল ম্যাচ খেলা হচ্ছে না আরসিবি’র।
প্রসঙ্গত, ডিওয়াই পাটিল রোহিতের হোম স্টেডিয়াম। এই মাঠে রোহিত প্রায়ই অনুশীলন করেন। জানা গিয়েছে, ডিওয়াই পাটিলে আইপিএলের ম্যাচ খেলার জন্য আরসিবি’র তরফে প্রয়োজনীয় আবেদন করা হলেও মুম্বই ইন্ডিয়ান্স তা খারিজ করে দিয়েছে। সূত্রের খবর মুম্বই ইন্ডিয়ান্স নাকি যুক্তি দিয়েছে, যেখানে ভারতের অন্য স্টেডিয়াম তৈরি রয়েছে, সেখানে নবি মুম্বইয়ের মাঠে কেন খেলা হবে? আরসিবি আগে অন্যত্র চেষ্টা করুক। সেখানে তারা মাঠ না পেলে রয়েছে ডিওয়াই পাটিল স্টেডিয়াম। সূত্রের খবর, মুম্বই ইন্ডিয়ান্স নাকি আরও জানিয়েছে, পুণে, রাজকোট, রায়পুর, ইন্দোর, বিশাখাপত্তনমের মতো শহরে যাক আরসিবি। যদিও সেখানে আইপিএলের ম্যাচ হয় না। তবে সেখানকার স্থানীয় সমর্থনও বেশ ভাল। তাই ওখানকার স্টেডিয়ামে আরসিবি খেললে সমর্থনের দিকটা ভেবে দেখতে হবে না।
এদিকে এটাও একটা বিষয় বেঙ্গালুরু যাতে আইপিএলের ম্যাচ চিন্নাস্বামীতে খেলতে পারে, সে ব্যাপারে কর্নাটক সরকার সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু পদপিষ্টের ঘটনার পর আরসিবি আর ওই স্টেডিয়ামে খেলতে চায় না। গত আইপিএলের পর থেকে আর কোনও ম্যাচ আয়োজিত হয়নি ওই স্টেডিয়ামে। যদিও সদ্য কর্নাটক সরকার চিন্নাস্বামীতে খেলার ছাড়পত্র দিয়েছে। কিন্তু আরসিবি কর্তৃপক্ষ প্রায় ঠিক করে ফেলেছে চিন্নাস্বামীতে আর খেলবে না।
