আজকাল ওয়েবডেস্ক: আসন্ন আইপিএলে কি খেলবেন মহেন্দ্র সিং ধোনি? লাখ টাকার জবাব সরাসরি না পাওয়া গেলেও ইঙ্গিত মিলল। এই নিয়ে মুখ খুললেন চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন। ২০০৮ সালে আইপিএলের শুরু থেকেই সিএসকেতে আছেন ক্যাপ্টেন কুল। ২০১৬ এবং ২০১৭ সালে চেন্নাই সুপার কিংস নির্বাসিত থাকাকালীন রাইজিং পুনে সুপার জায়ান্টের হয়ে খেলেন ধোনি। গত কয়েক বছর ধরে ধোনির আইপিএল ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। আইপিএল শুরু হতে প্রায় একমাস বাকি। এবার জল্পনার অবসান ঘটালেন সিএসকের সিইও। জানিয়ে দিলেন, ধোনি খেলবেন।
কাশী বিশ্বনাথন বলেন, 'ও খেলবে। অবশ্যই খেলবে।' কয়েকদিন আগে ভূমিকা বদল নিয়ে প্রশ্ন করা হয় ধোনিকে। প্রশ্ন ছিল, খেলা ছাড়ার পর কি ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যাবে তাঁকে? সরাসরি 'না' করে দেন মাহি। স্পষ্ট জানান, তিনি পরিসংখ্যান মাথায় রাখতে পারেন না। ধোনি বলেন, 'ধারাভাষ্য দেওয়া খুব কঠিন। আমার মনে হয় খেলার বিবরণী দেওয়ার সঙ্গে ক্রিকেটারদের সমালোচনা করার মধ্যে একটা সূক্ষ্ম লাইন আছে। কখনও নিজেদের ভুল বোঝা যায় না। ম্যাচের বিবরণী দেওয়ার সময় অন্যদিকে থাকতে চায় সবাই। কিছু ভুল মনে হলে, স্পষ্ট বলে দেওয়া উচিত। তবে কিভাবে সেটা পেশ করবে, সেটাও জানা উচিত। যাতে কেউ টার্গেট না হয়ে যায়। দলের হারের কারণ থাকে, সেগুলো কাউকে দুঃখ না দিয়ে বলার টেকনিক দরকার। এটাই ধারাভাষ্যের গুণ।'
চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে পাঁচবার আইপিএল জেতেন ধোনি। ২০২০ আগস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। ২০২৪ আইপিএলে নেতৃত্ব ছাড়েন। দায়িত্ব পান ঋতুরাজ গায়কোয়াড়। কিন্তু চোট পেয়ে ছিটকে যান। আবার নেতৃত্বে ফেরেন ধোনি। কিন্তু গতবছর ডাহা ফ্লপ সিএসকে। টেবিলের তলানিতে শেষ করে। আইপিএলের ইতিহাসে চেন্নাইয়ের সবচেয়ে খারাপ পারফরম্যান্স। এবার ঘুরে দাঁড়াতে মরিয়ে থাকবে সিএসকে।
