আজকাল ওয়েবডেস্ক: মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে আবেগ, ভালবাসা আগের মতোই। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেললেও ধোনি-প্রেম এখনও বহমান। 

মাঠে নামলেই শুরু হয় ধোনি-ধোনি ধ্বনি। এই ৪৪ বছর বয়সেও ধোনি-প্রেম সবার ঈর্ষার কারণ হতে পারে। এহেন ধোনিকে নিয়ে নতুন প্রশ্ন। তিনি কি এবারের আইপিএলের পরেই অবসর গ্রহণ করবেন? 

চেন্নাই সুপার কিংসকে পাঁচবার খেতাব দেওয়া ধোনিকে এক অনুষ্ঠানে প্রশ্ন করা হয় তিনি কি এবারের আইপিএলের পরেই চিরতরে ব্যাট-প্যাড তুলে রাখবেন? 

অনুষ্ঠানের সঞ্চালনা করছিলেন শিবকার্তিক। তিনি জিজ্ঞাসা করেন, ''তুমি কি এবার অবসর নেবে?''  কিন্তু তুমি তো বলবে, ''একদমই নয়। প্রতি বছরই একই উত্তর দাও। তুমি তো ষাট বছর পর্যন্ত খেলতে পারবে।'' 

হাসি দিয়ে ধোনি বলছেন, ''খুবই কঠিন।'' শিবকার্তিক বলছেন, ''তোমার যা ফিটনেস,, তাতে সম্ভব বলেই মনে হয়।'' 

'আমি চেষ্টা করব', ধোনির এই বক্তব্য শোনার পরে জনতা উচ্ছ্বসিত হয়ে ওঠেন। শিবকার্তিক বলে ওঠেন, ''আমরা উত্তর পেয়ে গিয়েছি।'' 

?ref_src=twsrc%5Etfw">March 22, 2026

আরও একবার হলুদ জার্সিতে খেলবেন মহেন্দ্র সিং ধোনি। রবিন উথাপ্পা মনে করছেন, এটাই ধোনির শেষ আইপিএল। একটি আলোচনায় এমনই জানান ক্যাপ্টেন কুলের এককালীন সতীর্থ। উথাপ্পা বলেন, ''আইপিএল ২০২৬ চেন্নাইয়ের জার্সিতে ধোনির শেষ আইপিএল। আমি এইবছর ওকে মেন্টর এবং প্লেয়ারের ভূমিকায় দেখছি। আমি এবার ওকে ব্যাট হাতে সাত নম্বরে নামতে দেখছি না। ও হয়ত আট নম্বরে ব্যাট করবে। ও জানে এবার ওর যাওয়ার সময় চলে এসেছে। তাই হয়ত এমনই করবে।'' এখনও পর্যন্ত আইপিএলের শুরু থেকে প্রত্যেক সংস্করণ খেলেন ধোনি। এই তালিকায় আছেন আরও তিনজন। রোহিত শর্মা, বিরাট কোহলি এবং মণীশ পাণ্ডে। 

এবার চেন্নাইয়ের জার্সিতে অভিষেক হবে সঞ্জু স্যামসনের। উথাপ্পা মনে করেন, এখনই তাঁর হাতে নেতৃত্ব তুলে দেবে না চেন্নাই। দীর্ঘমেয়াদী অধিনায়ক হিসেবে ঋতুরাজ গায়কোয়াড়কেই সমর্থন করা হবে। উথাপ্পা বলেন, ''আমার মনে হয় সঞ্জু স্যামসনকে এখনই নেতৃত্বের ভার দেওয়া উচিত নয়। অধিনায়ক হিসেবে মানিয়ে নিতে সময় দেওয়া উচিত ঋতুরাজ গায়কোয়াড়কে। ও ২০২৪ থেকে দলকে নেতৃত্ব দিচ্ছে। ক্রমশ ধোনির ছায়া থেকে বেরিয়ে আসছে। সেখান থেকে পুরোপুরি বেরিয়ে এসে নিজের আলোয় আলোকিত হওয়া উচিত। ও নিজে কী করতে পারে সেটা দেখা উচিত। যখন ধোনি খেলছে না, তখন কেমন অধিনায়কত্ব করে সেটা দেখা উচিত।'' 

এবারের মেগা টুর্নামেন্টে সিএসকে নামবে ৩০ মার্চ। চেন্নাই সুপার কিংসের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস।