আজকাল ওয়েবডেস্ক: কলকাতায় পানাগিওটিস ডিলমপেরিস। রবিবার সকাল সাতটায় শহরে চলে এসেছেন মোহনবাগানের নতুন হেড কোচ। বিমানবন্দরে তাঁকে সবুজ মেরুন উত্তরীয়, মালা এবং ফুলের স্তবক দিয়ে শুভেচ্ছা জানানো হয়। হাজির ছিলেন সমর্থকরা। সাপোর্টারদের সঙ্গে সেলফিও তোলেন মোহনবাগানের নতুন কোচ। এদিকে বুধবারই শহরে পা রাখছেন দেজান ড্রাজিচ। তিন বছরের চুক্তিতে মোহনবাগানে অ্যালেক্স সাজি। সোমবার কলকাতায় চলে আসবেন সাজি।
মাঝমাঠ থেকে গোলমুখী শক্তি বাড়াতে মোহনবাগান সুপার জায়ান্ট সই করাল দেজান ড্রাজিচকে। ভারতে গত দু'বছর ধরে দুর্দান্ত খেলেন সার্বিয়ান। তাঁর সঙ্গে সবুজ মেরুনের চুক্তি দু'বছরের। এই মরশুমের প্রথম বিদেশি ফুটবলার হিসাবে বুধবারই শহরে পা রাখবেন তিনি। মূলত অ্যাটাকিং মিডিও হিসাবে খেললেও প্রয়োজনে লেফট উইং-এও খেলতে পারেন অভিজ্ঞ এই ৩০ বছরের ফুটবলার। মাঝমাঠ থেকে গোলমুখী আক্রমণ তৈরি করা এবং গোলের ঠিকানা লেখা পাস বাড়ানোর পাশাপাশি প্রচুর গোলও করেছেন তিনি। ব্রাজিলিয়ান মিগুয়েল ফিগেইরার সঙ্গে মাঝমাঠে ড্রাজিচের জুটি এবার মোহনবাগানের মাঝমাঠের বড় সম্পদ হয়ে উঠতে পারে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলা ছাড়াও সার্বিয়ান সুপার লিগ এবং লা লিগায় সুনামের সঙ্গে খেলার পর গত দু'বছর খেলেছেন এফসি গোয়ায়। গত বছর ইন্ডিয়ান সুপার লিগে ছ'টি গোল করা ছাড়াও দু'টি গোলের পাস বাড়িয়েছেন ড্রাজিচ।
এবার ডার্বি দিয়ে শুরু হবে ক্লাব ফুটবলের মরশুম। মোহনবাগানের নবাগত ফুটবলার জানান, ভারতে আসার আগে থেকেই ডার্বি সম্বন্ধে অবগত তিনি। এবার তার অঙ্গ হওয়ার জন্য মুখিয়ে আছেন। ড্রাজিচ বলেন, 'ভারতে আসার আগে থেকেই কলকাতা ডার্বি সম্পর্কে শুনেছি। এটা এশিয়ার অন্যতম সেরা ডার্বি। আইএসএল খেলার সময় দেখেছি এই ম্যাচ নিয়ে ক্লাব সমর্থকদের আবেগ এবং উন্মাদনা থাকে। এটা একটা বিশেষ অভিজ্ঞতা হবে। যেকোনও ফুটবলারের কাছেই স্বপ্ন থাকে এরকম ম্যাচ খেলার। আমিও এই উত্তেজনা উপভোগ করতে চাই। কলকাতা ডার্বির উত্তেজনা এবং পরিবেশ দেখার জন্য মুখিয়ে আছি।'
অন্যদিকে তিন বছরের চুক্তিতে সবুজ মেরুনে অ্যালেক্স সাজি। রক্ষণের আরও শক্তি বাড়াতে তাঁকে সই করানো হল। ভারতের যুব দলের অন্যতম সদস্য কেরলের ফুটবলারটি সেন্টার ব্যাক পজিশনে খেলে ইতিমধ্যেই সুনাম কুড়িয়েছেন। গতবছর স্পোর্টিং ক্লাব দিল্লির হয়ে খেলেছেন ২৬ বছরের সাজি। এর আগে তাঁর খেলার অভিজ্ঞতা আছে গোকুলাম কেরালা, কেরল ব্লাস্টার্স, নর্থ ইস্ট ইউনাউটেডের মতো নামী ক্লাবে। মূলত দীর্ঘমেয়াদী দল গঠনের কথা ভেবেই তাঁর সঙ্গে তিন বছরের চুক্তি করেছে সবুজ মেরুন ম্যানেজমেন্ট। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতা হওয়ায় এরিয়াল বল দখলের লড়াইয়ে সবসময়ই এগিয়ে থাকেন সাজি। এটা তাঁর বড় গুণ। ডুরান্ড কাপের প্রস্তুতির জন্য সোমবারই শহরে চলে আসছেন নবাগত এই ফুটবলার। মেডিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর চুক্তিতে সই করবেন।
















