আজকাল ওয়েবডেস্ক: নিজের শ্রেষ্ঠত্ব আবারও প্রমাণ করলেন ভারতের তারকা ভারোত্তোলক মীরাবাই চানু। কমনওয়েলথ গেমস ২০২৬-এ মহিলাদের ৪৮ কেজি বিভাগে টানা তৃতীয়বার সোনা জিতে ভারতের সোনার খাতা খুললেন তিনি।
৩১ বছর বয়সি এই অলিম্পিক পদকজয়ী মোট ১৯০ কেজি ওজন তুলে সোনা নিশ্চিত করেন। এর মধ্যে স্ন্যাচ বিভাগে ৮৫ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১০৫ কেজি ওজন তোলেন তিনি। এই পারফরম্যান্সে তিনি গেমস ও কমনওয়েলথ, দুই ক্ষেত্রেই নতুন রেকর্ড গড়েন।
মীরাবাই চানুর সোনা ভারতের পদক তালিকায় বিশেষ গুরুত্ব বহন করে, কারণ এটিই এবারের গেমসে দেশের প্রথম সোনা।
প্রতিযোগিতায় শুরু থেকেই মীরাবাই ছিলেন অপ্রতিদ্বন্দ্বী ফেভারিট। স্ন্যাচে প্রথম প্রচেষ্টা সফল না হলেও দ্বিতীয় প্রচেষ্টায় ৮২ কেজি তুলে গেমস রেকর্ড ভাঙেন। এরপর ৮৫ কেজি ওজন অনায়াসে তুলে নিজেরই গড়া কমনওয়েলথ রেকর্ড (৮৪ কেজি) ভেঙে নতুন ইতিহাস লেখেন। পাশাপাশি গেমসের রেকর্ডও নিজের দখলে নেন।
ক্লিন অ্যান্ড জার্কেও প্রথম প্রচেষ্টা বাতিল হয়। তবে দ্বিতীয়বার ১০৫ কেজি ওজন সফলভাবে তুলে সোনা নিশ্চিত করেন মণিপুরের এই তারকা। তার আগে নাইজেরিয়ার রুথ নিয়ং ৯৩ কেজি তুলেছিলেন। ফলে ১০৫ কেজির সফল লিফটেই নিশ্চিত হয়ে যায় মীরাবাইয়ের সোনা।
পদক জয়ের পর উচ্ছ্বসিত মীরাবাই জানিয়েছেন, তাঁর মূল লক্ষ্য আগামী সেপ্টেম্বরের এশিয়ান গেমস। প্রতিযোগিতার আগে তিনি বলেছিলেন, কমনওয়েলথ গেমসে নিজেকে নিংড়ে দেবেন না। এশিয়ান গেমসের প্রস্তুতিতে যাতে প্রভাব না পড়ে সেদিকে নজর রাখবেন।
তবে গ্লাসগোতে তাঁর দুরন্ত পারফরম্যান্স দেখে স্পষ্ট, এশিয়ান গেমসেও ভারতের অন্যতম বড় ভরসা হতে চলেছেন মীরাবাই চানু। দীর্ঘ কেরিয়ারে কমনওয়েলথ গেমসে আরও একটি সোনা যোগ করার পর এবার তাঁর লক্ষ্য এশিয়ান গেমসের মঞ্চে পদক জয়।
















