আজকাল ওয়েবডেস্ক: বিশ্ব ফুটবলে রাজ করে এবার কেরিয়ারের নতুন ইনিংস শুরু করলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন তারকা স্পেনের বার্সেলোনা এলাকারই একটি ক্লাব ইউই কর্নেলার সম্পূর্ণ মালিকানা নিয়েছেন বলে জানা গিয়েছে।

বৃহস্পতিবারই ক্লাবের তরফে লিও মেসির সঙ্গে এই চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। এটি স্পেনের কোনও ফুটবল ক্লাবের মালিক হিসেবে মেসির প্রথম বড় পদক্ষেপ।

এই পদক্ষেপ নিয়ে মেসি তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পথেই হাঁটলেন। রোনাল্ডো সম্প্রতি ইউডি আলমেরিয়ার ২৫ শতাংশ শেয়ার কিনেছেন।

তবে রোনাল্ডোর এমন এক ক্লাবে বিনিয়োগ করেছেন যাদের লক্ষ্য আলমেরিয়াকে আবার লা লিগায় ফেরানো। অন্যদিকে, মেসি এমন এক ক্লাবের মালিকানা অধিগ্রহণ করেছেন যাদের যুব-অ্যাকাডেমি স্পেনের মধ্যে অন্যতম।

বার্সেলোনার শ্রমজীবী এলাকায় অবস্থিত ইউই কর্নেলা স্প্যানিশ ফুটবলে অন্যতম যুব-অ্যাকাডেমি হিসেবে পরিচিত। বর্তমানে ক্লাবটি স্প্যানিশ ফুটবলের পঞ্চম ডিভিশনে টেরসেরা আরএফইএফ লিগে খেলছে।

তুলনামূলক ছোট ক্লাব হলেও এখান থেকেই উঠে এসেছে একাধিক আন্তর্জাতিক মানের ফুটবলার। ক্লাবটির অ্যাকাডেমি থেকে উঠে আসা খেলোয়াড়দের মধ্যে রয়েছেন মেসির প্রাক্তন ইন্টার মায়ামি সতীর্থ জর্ডি আলবা, আর্সেনালের গোলকিপার ডেভিড রায়া এবং প্রাক্তন ম্যান ইউ কিপার আন্দ্রে ওনানা।

বর্তমান ফুটবল বিশ্বে এই তিনজনের সম্মিলিত সর্বোচ্চ মূল্য ১,২৪০ কোটিরও বেশি। ফলে কর্নেলার মালিকানা অধিগ্রহণ করায় মেসির হাতে ইউরোপের প্রথম সারির লিগগুলোতে নিয়মিত প্রতিভা সরবরাহ করা একটি গুরুত্বপূর্ণ পাইপলাইনের নিয়ন্ত্রণ এল।

তবে এই চুক্তির আর্থিক বিবরণ প্রকাশ করা হয়নি। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, এটি একটি দীর্ঘমেয়াদি প্রকল্প। এই চুক্তির আওতায় স্কাউটিংয়ের ঐতিহ্য ও আর্থিক দিকটাকেও একত্রে গুরুত্ব দেওয়া হবে। 

ক্লাবের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘লিও মেসির আগমন আমাদের ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা। এই প্রকল্প উচ্চাকাঙ্ক্ষা, উন্নয়ন এবং স্থানীয় ফুটবল প্রতিভার সঙ্গে গভীর সংযোগ বজায় রেখে পরিচালিত হবে।’

বর্তমানে ৩৮ বছর বয়সী মেসি ইন্টার মায়ামির হয়ে খেলছেন। ২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনাও রয়েছে। কর্নেলার মালিকানা নেওয়ার পর এবার পেশাদার হিসেবে কাতালুনিয়ার সঙ্গে যোগাযোগ বাড়ল মেসির। এখানেই তিনি তাঁর কেরিয়ারের বড় একটি অংশ কাটিয়েছেন বার্সেলোনার হয়ে।