আজকাল ওয়েবডেস্ক: টি–২০ বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা? তদন্ত শুরু করল আইসিসি। গ্রুপের একটি ম্যাচ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
অভিযোগ উঠেছে টি–২০ বিশ্বকাপের রানার্স নিউজিল্যান্ডের গ্রুপ পর্বের একটি ম্যাচ ঘিরে। কানাডা–নিউজিল্যান্ড ম্যাচের স্বচ্ছতা নিয়ে উঠে গিয়েছে প্রশ্ন। একটি ক্রিকেট সংক্রান্ত ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, নিউজিল্যান্ডের ইনিংসের পঞ্চম ওভার নিয়ে সন্দেহ। সম্প্রতি একটি তথ্যচিত্রে ম্যাচ গড়াপেটার দাবি করা হয়েছে। অভিযোগের মূল তির কানাডার দিকে।
কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের তদন্তমূলক অনুষ্ঠান ‘দ্য ফিফথ এস্টেট’ সম্প্রচারিত তথ্যচিত্র ‘কোরাপশন, ক্রাইম অ্যান্ড ক্রিকেট’ ঘিরে তৈরি হয়েছে ম্যাচ গড়াপেটার আশঙ্কা। তথ্যচিত্রটিতে কানাডা ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ কলহ, দল নির্বাচনে অস্বচ্ছতার কথা বলা হয়েছে। তথ্যচিত্রে ম্যাচ সংক্রান্ত কিছু সন্দেহজনক কার্যকলাপের অভিযোগও রয়েছে। বিতর্ক আরও বাড়িয়েছে একটি পুরনো টেলিফোন রেকর্ডিং। তাতে কানাডার প্রাক্তন কোচ খুররম চৌহান দাবি করেছেন, কানাডার বোর্ড কর্তারা কয়েক জন ক্রিকেটারকে দলে রাখার জন্য চাপ তৈরি করেছিল।
প্রসঙ্গত, ওই ম্যাচে কিউয়িদের পঞ্চম ওভারে বোলার ছিলেন কানাডার অধিনায়ক দিলপ্রীত বাজওয়া। ওই ওভারে তিনি একটি ‘নো’ বল ছাড়াও দু’টি ‘ওয়াইড’ বল দেন। বাজওয়ার ওই ওভারে নিউজিল্যান্ড ১৫ রান তুলেছিল। বাজওয়ার আগে বল করতে আসা কানাডার দুই বোলার জসকরণ সিং এবং ডিলন হেলিগারও প্রচুর রান দিয়েছিলেন। তাঁদের ২ ওভারে উঠেছিল ৩৫ রান।
এদিকে, আইসিসির দুর্নীতি দমন শাখা তদন্ত শুরু করলেও সরকারিভাবে এই বিষয়ে মুখ খোলেনি। অভিযোগ প্রমাণ হলে কানাডার কঠোর শাস্তি হতে পারে। কানাডা ক্রিকেট বোর্ড পরিচালনায় অস্বচ্ছতা, দুর্নীতির অভিযোগ নতুন নয়। সংস্থার প্রাক্তন সিইও সলমন খানের বিরুদ্ধেও নানা গুরুতর অভিযোগ উঠেছিল।















