আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপের আর বেশি দেরি নেই। পঞ্চাশ দিনেরও কম সময় বাকি। এই গুরুত্বপূর্ণ মুহূর্তে যখন দলগুলো শেষ প্রস্তুতিতে ব্যস্ত, ঠিক তখনই আর্জেন্টিনা শিবিরে অস্বস্তি ছড়াতে পারে এমন এক গুঞ্জন ঘুরছে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার সংবাদমাধ্যমে।
স্প্যানিশ ও আর্জেন্টাইন সংবাদ মাধ্যমের কাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনিকে দলে নিতে আগ্রহী রিয়াল মাদ্রিদ। শুধু আগ্রহ নয়, ক্লাবটির পক্ষ থেকে তাঁর সঙ্গে সরাসরি যোগাযোগও করা হয়েছে বলে জানা গিয়েছে।
স্প্যানিশ রেডিও ‘কোপ’-এর জনপ্রিয় অনুষ্ঠান ‘এল পার্তিদাজো দে কোপ’-এ সাংবাদিক মানোলো লামা এ দাবি করেন।
পরে স্প্যানিশ দৈনিক ‘মার্কা’ও তার বরাত দিয়ে একই খবর প্রকাশ করে। লামা বলেন, রিয়াল মাদ্রিদ একাধিক কোচের সঙ্গে কথা বলছে, তবে স্কালোনির ব্যাপারে তাদের আগ্রহ বিশেষভাবে লক্ষ্যণীয়। এমনকি ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ নিজেই নাকি স্কালোনির সঙ্গে যোগাযোগ করেছেন।
এই ঘটনার সঙ্গে ২০১৮ সালের একটি বিতর্কিত অধ্যায়ের তুলনাও টানা হচ্ছে। সেবার বিশ্বকাপ শুরুর ঠিক আগে স্পেনের কোচ হুলেন লোপেতেগিকে রিয়ালের নতুন কোচ হিসেবে ঘোষণা করা হলে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়। শেষ পর্যন্ত বিশ্বকাপের আগমুহূর্তেই চাকরি হারান লোপেতেগি। অনেকেই মনে করছেন, রিয়াল আবারও তেমন কোনও পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে কি না, সেটিই এখন বড় প্রশ্ন।
তবে আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ এই গুঞ্জনের বিষয়ে ভিন্ন সুর তুলেছে। তাদের দাবি, স্কালোনির ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, রিয়াল সভাপতির সঙ্গে কোনও ধরনের যোগাযোগ হয়নি। ৪৭ বছর বয়সী এই কোচ বর্তমানে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার সঙ্গে চুক্তিবদ্ধ এবং এখন পুরোপুরি মনোযোগ দিচ্ছেন আসন্ন বিশ্বকাপের প্রস্তুতিতে।
স্কালোনির ঘনিষ্ঠ মহল থেকে আরও জানা গিয়েছে, বিশ্বকাপের আগে ভবিষ্যৎ নিয়ে কোনো আলোচনায় বসতে রাজি নন তিনি। সম্ভাব্য সব আলোচনা হতে পারে ২০২৬ বিশ্বকাপের পর।
২০১৮ সালে দায়িত্ব নেওয়ার পর স্কালোনির অধীনে আর্জেন্টিনা নতুন উচ্চতায় পৌঁছায়। তাঁর নেতৃত্বেই দলটি জেতে ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা, পাশাপাশি ২০২২ বিশ্বকাপও।
অন্যদিকে, রিয়াল মাদ্রিদে কোচিং নিয়ে অনিশ্চয়তা দীর্ঘদিন ধরেই চলছে। চলতি বছরের জানুয়ারিতে দায়িত্ব নেওয়া আলভারো আরবেলোয়ার অধীনে দল আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর মতে, মরশুম শেষে আরবেলোয়ার বিদায় প্রায় নিশ্চিত এবং নতুন কোচ খোঁজা ইতিমধ্যেই শুরু করেছে ক্লাবটি।
সব মিলিয়ে, বিশ্বকাপের আগে এই গুঞ্জন কতটা বাস্তব রূপ নেয়, তা এখনই বলা কঠিন। তবে স্কালোনিকে ঘিরে রিয়ালের আগ্রহের খবর ফুটবল বিশ্বে নতুন করে আলোচনা তৈরি করেছে।















